চিঠি কেবল কয়েকটি শব্দের সমষ্টি নয়। এর সঙ্গে জড়িয়ে আছে অপেক্ষার মাধুর্য, কাগজের পাতায় লেগে থাকা মায়াময় ঘ্রাণ আর হৃদয়ের গভীর অনুভূতি। বিবর্ণ কালির অক্ষর, ডাকপিয়নের সাইকেলের মিষ্টি ঘণ্টা—সব মিলিয়ে চিঠি হাজার বছরের ঐতিহ্যবাহী যোগাযোগব্যবস্থা ও যাপিত জীবনের অন্যতম অনুষঙ্গ। সেই হারিয়ে যেতে বসা চিঠির ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজন করেছে নতুন অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’।
অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারিত হয়েছে বুধবার (১১ নভেম্বর) রাত ১১টা ৫ মিনিটে। পাক্ষিক এই অনুষ্ঠানের এবারের পর্বের বিষয় ছিল ‘নজরুলের চিঠি’।
বিশিষ্ট লেখক অনার্য মুর্শিদের গবেষণা ও গ্রন্থনায় এবং বিটিভির সংবাদ পাঠিকা মেহেনাজ মুন্নির সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটিতে সময়ের পরিবর্তনে চিঠির সেকাল ও একালের চিত্র তুলে ধরা হয়েছে। প্রাণবন্ত আলোচনা ও আর্ট-শোর মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপন করা হয়েছে চিঠির নানা দিক।
ইতিহাস ও ঐতিহ্যনির্ভর এই অনুষ্ঠানের প্রযোজক গোলাম মোর্শেদ এবং প্রধান সমন্বয়ক এনামুল হক। অনুষ্ঠানটির নির্মাণে সহযোগিতা করছে দোয়েল কমিউনিকেশনস।
‘ফিরে এসো চিঠি’ প্রসঙ্গে প্রযোজক গোলাম মোর্শেদ বলেন, বিশেষ গবেষণাধর্মী এই অনুষ্ঠানে আলোচনার জন্য বয়োজ্যেষ্ঠ অতিথিদের পাশাপাশি তরুণদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। দুই প্রজন্মের সেতুবন্ধনের মধ্য দিয়ে ‘ফিরে এসো চিঠি’ হয়ে উঠেছে কালের আয়না। সেই আয়নায় দৃশ্যায়িত হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত অনুভূতির গল্প।
দোয়েল কমিউনিকেশনসের প্রধান নির্বাহী মসিউর রহমান বলেন, চিঠি যুগে যুগে ছিল, থাকবে। ব্যস্ত জীবনের মধ্যেও প্রিয়জনদের অনুভূতি বোঝা যে কতটা গুরুত্বপূর্ণ, এই অনুষ্ঠানের মাধ্যমে সেই মানবিক আহ্বানটিই জানানোর চেষ্টা করা হয়েছে।
প্রসঙ্গত, ঐতিহ্যের ধুলোমাখা ডাকবাক্সগুলো নতুন করে খোলার চেষ্টা এবং প্রায় হারিয়ে যাওয়া চিঠির ভাঁজে লুকিয়ে থাকা আবেগের সঙ্গে অতীতের যোগাযোগব্যবস্থা, সমাজচিত্র, ইতিহাস-ঐতিহ্য, শিল্পকর্ম, সাহিত্য ও দর্শন তুলে ধরার লক্ষ্যেই বিটিভির এই নতুন আয়োজন ‘ফিরে এসো চিঠি’।