নারায়ণগঞ্জে ৭৫ নারী পেলেন সেলাই মেশিন

নারীদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করে তুলতে ৭৫ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল।

এ সময় সহকারী প্রকৌশলী নাহিদুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, সদর থানা মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নাসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নারীদের উদ্দেশে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিএনপির নির্বাচনী অঙ্গীকার ৩১ দফার প্রতি আস্থা রেখে জনগণ দলটিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাশা বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করা। দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী। তাঁদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে না পারলে দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়।

তিনি বলেন, নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও বিশেষ করে আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। তাঁদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। একজন নারী নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আরও ১০ জন নারীকে স্বাবলম্বী করে তুলতে পারেন।

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির বিষয়ে জেলা পরিষদের প্রশাসক বলেন, পর্যায়ক্রমে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। পরিবারের নারী প্রধানের হাতে এ কার্ড তুলে দেওয়ার মাধ্যমে তাঁদের আর্থিক সক্ষমতা ও পারিবারিক সচ্ছলতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, নারায়ণগঞ্জে ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করছেন। এসব তথ্য সরকারের ডেটাবেজে যুক্ত হওয়ার পর পর্যায়ক্রমে উপকারভোগীরা কার্ড পাবেন।

অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক পরিচয় বা ভোট দেওয়ার বিষয় বিবেচনা করা হবে না। দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। কোনো নাগরিক যেন এ সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সেলাই মেশিন বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, জেলা পরিষদের সীমিত সামর্থ্যের মধ্যেই এসব মেশিন দেওয়া হচ্ছে। এর মাধ্যমে নারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবেন।