৭৫ নারীকে সেলাই মেশিন দিল নারায়ণগঞ্জ জেলা পরিষদ

নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৭৫ জন নারীরকে সেলাই মেশিন দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ। বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে বিতরণ অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মোঃ মামুন মাহমুদ। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় সহকারী প্রকৌশলী নাহিদুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, সদর থানা মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না আরো অনেকে উপস্থিত ছিলেন। 

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে নারীদের উদ্দেশ্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমাদের বিএনপির নির্বাচনী যে অঙ্গীকার ৩১ দফা কর্মসূচি ছিল তাঁর প্রতি আস্থা রেখে বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব দিয়েছেন আপনারা। আমাদের দলের সুযোগ্য চেয়ারম্যান তারেক রহমান এর আকাঙ্ক্ষা এই দেশকে স্বয়ংসম্পূর্ণ করা। বাংলাদেশের অর্ধেকেরও বেশি জনসংখ্যা হচ্ছে নারী। এই অর্ধেক জনগোষ্ঠীকে যদি আমরা উন্নয়ন থেকে বঞ্চিত রাখি, তাদেরকে যদি সামনে এগিয়ে নিয়ে না আসি তাহলে এই বাংলাদেশ কখনো ঘুরে দাঁড়াতে পারবেনা।

এই অর্ধেক জনগোষ্ঠীকে যদি সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখি তাহলে বাংলাদেশে কখনো উন্নত জাতি সম্ভব হবে না।  সেই ইচ্ছা থেকেই আমাদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা নারীদের মধ্যে একটি নারী জাগরণ করতে হবে। নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে হবে শিক্ষা-দীক্ষা, কর্মসংস্থান এবং বিশেষ করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে । 

আপনাদের নারীদের অনেক সুযোগ সুবিধা রয়েছে। একজন নারী চাইলে আরো ১০ জন নারীকে স্বাবলম্বী করতে পারে, আপনাদের মধ্যে সেই সুযোগ কিন্তু আছে। কারণ একজন পুরুষের যে চাহিদা থাকে যে চাপ থাকে সংসারের সমাজের আত্মীয়-স্বজনের মা-বাবার ভাই বোনের সমস্ত চাপ কিন্তু পুরুষের উপর থাকে। সেই তুলনায় নারীরা কিন্তু তার পরিবারের মধ্যে কিছুটা কম চাপ নেয় বা নিতে পারে। বর্তমান সরকার প্রত্যেক পরিবারের জন্য একটি ফ্যামিলি কার্ড দিবেন ওই ফ্যামিলির নারীকর্তাকে। এই কার্ড পুরুষকে দিলে সরকার মনে করে এটাই মিস ইউজ হবে। পরিবারের আসল কর্তা হলো নারীরা।

এজন্য সরকার বলেছে যদি এই টাকাটি কোন নারীকে দেওয়া হয় তাহলে তার সংসারটা আর একটু সুন্দর করে সচ্ছলভাবে চালাতে পারবে সেই সঞ্চয় করতে পারবে। ১৬ কোটি জনসংখ্যার মধ্যে ৪ কোটি পরিবার পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পাবে। নারায়ণগঞ্জে তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে তারা ইতিমধ্যেই মাঠে কাজ করছে। এই তথ্য নেওয়া হলে সরকারের ডাটাবেজে তথ্য যোগ হবে তারপর দেখবেন আপনাদের ফ্যামিলি কার্ড আপনারা আপনাদের হাতে পেয়ে যাবেন।