রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনার রূপসায় মো. জাকির হোসেন (৪৩) নামে এক ইট-বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি রূপসা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদের বড় ভাই।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় হিরকের দোকানে বসে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন স্বল্পবাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে। এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ১০ দিনের ব্যবধানে আবারো খুলনায় হত্যার ঘটনা ঘটল।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে জাকির হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুর্বৃত্তরা জাকির হোসেনের মাথা লক্ষ্য করে গুলি করে। গুলির পর তারা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি পেশায় একজন ইট-বালু ব্যবসায়ী ছিলেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ওসি আরও জানিয়েছেন, হত্যাকারীদের খুঁজে বের করার জন্য পুলিশ তৎপরতা শুরু করেছে খুব তাড়াতাড়ি এই হত্যাকাণ্ডের কারণ উদঘাটন করা সম্ভব হবে।