‘মরার আগে অন্তত একটা ভালো ঘরে থাকতে চাই’

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম

‘বাবা, আমারে একটা ঘর করে দে না। বৃষ্টি হলে ঘরের মধ্যে পানি পড়ে। মাথার ওপর একটা ভালো ছাদ থাকলে অন্তত শান্তিতে ঘুমাতে পারতাম। জীবনের শেষ বয়সে একটা ভালো ঘরে থাকার খুব শখ। কিন্তু সেই শখ কি আর পূরণ হবে?’

কথাগুলো বলতে গিয়ে কণ্ঠ ভারী হয়ে আসে ৬০ বছর বয়সী সুধা রাণীর। চোখেমুখে অসহায়ত্ব। জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখন তার একটাই চাওয়া—বৃষ্টির পানি পড়বে না, ঝড়ের রাতে আতঙ্কে থাকতে হবে না, এমন একটি নিরাপদ ঘর।

খুলনার কয়রা উপজেলা সদর থেকে প্রায় নয় কিলোমিটার দূরে হাজতখালি গ্রাম। সুন্দরবনের কোলঘেঁষা এই গ্রামের স্বামীর ভিটায় পলিথিন ও জিও ব্যাগে মোড়ানো ছোট্ট একটি খুপড়িতে বসবাস করেন ৬০ বছর বয়সী সুধা রাণী। বাইরে থেকে দেখলে ঘর মনে হলেও সেটি যেন ঝড়-বৃষ্টি থেকে বাঁচার এক অসম্পূর্ণ চেষ্টা। বৃষ্টি নামলে ঘরের ভেতরেও পানি পড়ে। ঝড় এলে আতঙ্কে কাটে রাত। নিরাপদ আশ্রয় বলতে তার আর কিছু নেই।

জীবনের গল্পটা শুরু হয়েছিল স্বপ্ন নিয়ে। বিয়ের ২ বছর পর প্রথম সন্তানের মা হয়েছিলেন সুধা। কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। মেয়ের বয়স যখন মাত্র তিন মাস, তখন কাজের সন্ধানে খুলনা শহরে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান তার স্বামী। একদিকে স্বামী হারানোর শোক, অন্যদিকে কোলের শিশুকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সব মিলিয়ে মুহূর্তেই বদলে যায় তার জীবন।

সেই থেকে শুরু একাকী পথচলা। মেয়েকে নিয়ে বেঁচে থাকার জন্য কখনো অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেছেন, কখনো করেছেন দিনমজুরির কাজ। অভাবের সঙ্গে প্রতিদিন লড়াই করেই বড় করেছেন সন্তানকে। নিজের সুখ-স্বাচ্ছন্দ্যের কথা ভাবার সুযোগ হয়নি কখনো।

কিন্তু জীবনের সবচেয়ে বড় আশ্রয়টুকুও কেড়ে নেয় প্রকৃতি। ২০২০ সালের ২০ মে ঘূর্ণিঝড় আম্পানে ভেঙে যায় তার মাথা গোঁজার শেষ আশ্রয়। এরপর পেরিয়ে গেছে ছয় বছরের বেশি সময়। কিন্তু অভাবের কারণে আর একটি ঘর তৈরি করতে পারেননি তিনি। বয়সের ভারে শরীর এখন আর আগের মতো কাজ করতে পারে না। নেই সঞ্চয়, নেই ঘর তৈরির সামর্থ্য। তাই পলিথিন আর জিও ব্যাগের আড়ালেই চলছে তার জীবন।

সুন্দরবনের নদীতে কাঁকড়া ধরে চলে সংসার

সুধা রাণীর জীবিকার একমাত্র অবলম্বন সুন্দরবনসংলগ্ন শাকবাড়িয়া নদী। প্রতিদিন জীবিকার তাগিদে নদীতে যান তিনি। নদীর পানিতে নেমে কাঁকড়া ধরেন। সেই কাঁকড়া বিক্রি করে যা আয় হয়, তা দিয়েই চলে খাবার ও নিত্যপ্রয়োজনীয় খরচ।

কিন্তু সুন্দরবনের নদীতেও এখন আগের মতো কাঁকড়া পাওয়া যায় না। দিনের পর দিন পরিশ্রম করেও কখনো সামান্য কিছু কাঁকড়া মেলে, কখনো প্রায় খালি হাতেই ফিরতে হয়। বয়সের ভারে শরীর ক্লান্ত হয়ে আসে, তবু থেমে থাকার উপায় নেই। কারণ, তার ঘরে খাবার জোগানোর মতো আর কোনো নির্ভরযোগ্য উপার্জন নেই।

সুধা রাণীর ভাষায়, ‘নদীতে কাঁকড়া ধরে যে টাকা পাই, তা দিয়ে কোনোমতে চলতে হয়। অনেক দিন ঠিকমতো খেতেও পারি না। এখন নদীতে কাঁকড়াও কম পাওয়া যায়। শরীরে আর আগের মতো শক্তি নেই। তবু নদীতে যেতে হয়। না গেলে খাব কী?’

একসময় অন্যের বাড়িতে কাজ করে জীবন চলেছে। এখন বয়সের কারণে সেই কাজও করা কঠিন। সুন্দরবনের নদীই তার শেষ ভরসা। অথচ সেই নদীর জীবিকাও অনিশ্চিত হয়ে পড়েছে।

একটি ঘরের জন্য দীর্ঘ অপেক্ষা

সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত সুধা রাণী। তার নামে রয়েছে বিধবা ভাতার সামান্য সহায়তা। কিন্তু সেই টাকা দিয়ে ওষুধ, খাবার ও অন্যান্য প্রয়োজন মেটাতেই হিমশিম খেতে হয়। একটি ঘর নির্মাণের স্বপ্ন পূরণের মতো সামর্থ্য তার নেই।

জীবনের ৬০টি বছর পার করে এসে এখন তার চাওয়া খুব সামান্য। দামি বাড়ি নয়, বড় কোনো স্বপ্নও নয়। বৃষ্টি হলে যেখানে ঘুমানোর জায়গাটি ভিজবে না, ঝড় এলে যেখানে আতঙ্কে রাত কাটাতে হবে না এমন একটি ছোট্ট ঘর চান তিনি।

সুধা সরকার দেশ রূপান্তরকে জানান, ‘বাবা, আমারে একটা ঘর করে দে না। বৃষ্টি হলে ঘরের মধ্যে পানি পড়ে। আমার খুব ইচ্ছা, একটা ভালো ঘরে থাকব। সারাজীবন অনেক কষ্ট করেছি। স্বামীটা মেয়ের বয়স তিন মাস থাকতে মারা গেল। সেই থেকে একা একা কত কষ্ট করে বেঁচে আছি। আর কত দিন বাঁচব জানি না। মরার আগে অন্তত একটা ভালো ঘরে থাকতে চাই।’

সুধা রাণীর এই আকুতি শুধু একজন অসহায় নারীর ব্যক্তিগত বেদনা নয়, এটি সুন্দরবনসংলগ্ন উপকূলের দারিদ্র্য, জলবায়ু দুর্যোগ এবং সামাজিক নিরাপত্তার সীমাবদ্ধতারও এক নির্মম চিত্র। যে নারী বছরের পর বছর প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে আছেন, ঘূর্ণিঝড় আম্পানে হারিয়েছেন শেষ আশ্রয়টুকু, তার মাথার ওপর আজও গড়ে ওঠেনি একটি নিরাপদ ছাদ।

একটি ঘর হয়তো কারও কাছে খুব সাধারণ বিষয়। কিন্তু সুধা রাণীর কাছে সেটিই জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। যে ঘরে বৃষ্টির পানি পড়বে না, ঝড়ের রাতে বুক কাঁপবে না, নিশ্চিন্তে চোখ বন্ধ করে ঘুমানো যাবে এমন একটি আশ্রয়ের অপেক্ষায় দিন কাটছে তার।

মানবিক সহায়তার অপেক্ষায় সুধা

সুধা রাণীর মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু দয়া নয়, এটি আমাদের সামাজিক দায়িত্ব। সরকারের আবাসন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় তাকে একটি ঘর দেওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি মানবিক সংগঠন, বেসরকারি উন্নয়ন সংস্থা, স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিরাও এগিয়ে আসতে পারেন।

হয়তো কারও একার কাছে একটি ঘর তৈরি করে দেওয়া কঠিন। কিন্তু কয়েকজন মানুষের সম্মিলিত উদ্যোগে সেই অসম্ভব কাজটিই সম্ভব হতে পারে।

সুধা রাণীর বয়স বাড়ছে। শরীরের শক্তি কমছে। সুন্দরবনের নদীতে কাঁকড়া ধরার সামর্থ্যও একদিন হয়তো আর থাকবে না। জীবনের বাকি দিনগুলো অন্তত একটু নিরাপদে কাটানোর সুযোগ কি তিনি পাবেন না?

পলিথিনের খুপড়িতে বসে থাকা সুধা সরকারের চোখে আজও একটি ঘরের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে কে এগিয়ে আসবেন? তার আকুতি কি পৌঁছাবে সমাজের হৃদয়বান মানুষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে?

সর্বশেষ সর্বাধিক পঠিত