গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা, চিকিৎসকসহ নিহত ৬

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় এক সার্জন ও এক প্রতিবন্ধী ব্যক্তিসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। খবর দ্য গার্ডিয়ানের।

বৃহস্পতিবার ভোরে খান ইউনিস শহরে অবস্থিত হাসপাতালটিতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে হামলার বিষয়টি স্বীকার করে জানিয়েছে, হাসপাতালটিতে হামাসের এক কমান্ডার ও অন্য যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি তারা।

হামলায় হাসপাতালের অস্ত্রোপচার বিভাগের একটি অংশ ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া ভবনের কয়েকটি তলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাসপাতাল পরিচালক চিকিৎসক আহমেদ আল-ফারার বরাত দিয়ে জানা গেছে, হামলার পর রেডিওলজি, পরীক্ষাগার, অস্ত্রোপচার এবং অন্তর্বিভাগের সার্জারি ওয়ার্ডের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

হামলার তীব্রতায় হাসপাতালের একটি ওয়ার্ডের ছাদ ধসে পড়েছে। বিস্ফোরণে বিছানাগুলো ধ্বংসস্তূপে ঢেকে গেছে এবং চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম দুমড়েমুচড়ে গেছে। ভবনের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কংক্রিটের ভাঙা টুকরা ও ধ্বংসাবশেষ। বোমার আঘাতে ভবনের মেঝেতেও বড় গর্ত তৈরি হয়েছে।

হামলায় আহত নাসের মেডিকেল কমপ্লেক্সের সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক আয়মান আবু উবায়েদ বলেন, 'বোমা বিস্ফোরণের পর কক্ষগুলো ঘন ধোঁয়ায় ভরে যায় এবং বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। আহতদের আর্তনাদ ও মানুষের চিৎকারে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। অনেকেই হতাহত হন এবং চারদিকে রক্ত ছড়িয়ে পড়ে। অধিকাংশের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও বোমার স্প্লিন্টারের ক্ষত হয়েছে।'

তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কোনো ধরনের পূর্বসতর্কতা ছাড়াই হামলাটি চালানো হয়। ওই বিভাগের রোগীদের সবাই অস্ত্রোপচারের অপেক্ষায় ছিলেন। হামলার সময় তাদের ঘুমিয়ে থাকার কথা ছিল।

নিহতদের মধ্যে রয়েছেন ৫২ বছর বয়সী জেনারেল সার্জন রিজক আবু শাইরা। গাজায় চিকিৎসকদের সেবা ও কাজ নিয়ে নির্মিত ‘আমেরিকান ডক্টর’ প্রামাণ্যচিত্রে তাকে দেখা গিয়েছিল। একই হামলায় তার অস্ত্রোপচার করা এক রোগীও নিহত হয়েছেন।

ওই প্রামাণ্যচিত্রে অংশ নেওয়া আরেক চিকিৎসক থায়ের আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘ডা. রিজক প্রামাণ্যচিত্রে অস্ত্রোপচার করেছেন, নিজের মানুষের সেবা করেছেন। সেই কাজ করতে গিয়েই তিনি প্রাণ হারিয়েছেন।’

গাজায় এখনো চালু থাকা অল্প কয়েকটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের একটি নাসের হাসপাতাল। ইসরায়েলি হামলায় উপত্যকার অধিকাংশ হাসপাতাল ও স্বাস্থ্যসেবা অবকাঠামো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এর আগে গত বছরও হাসপাতালটিতে ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছিলেন। সাংবাদিকেরা প্রায়ই হাসপাতালের ওই স্থানটি সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণের কাজে ব্যবহার করতেন। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে হাসপাতালটিতে মোট সাতবার হামলা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযোগ, হামাস হাসপাতালগুলোকে সামরিক কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করে এবং সেখানে অস্ত্র মজুত রাখে। তবে হামাস এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

গাজায় এ পর্যন্ত ১ হাজার ৭০০ জনের বেশি স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল শত শত চিকিৎসাকর্মীকে আটক করেছে। তাদের মধ্যে অন্তত ৯৫ জন এখনো আটক রয়েছেন।

জাতিসংঘের বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বোমা হামলা ও পরিকল্পিত ধ্বংসযজ্ঞে গাজার প্রায় ৯০ শতাংশ স্বাস্থ্য অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিকে জাতিসংঘের বিশেষজ্ঞরা ‘মেডিসাইড’ বা চিকিৎসাব্যবস্থার ধ্বংসযজ্ঞ হিসেবে অভিহিত করেছেন।

আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা নিষিদ্ধ। তবে কোনো হাসপাতাল সামরিক কাজে ব্যবহার করা হলে সেটি বিশেষ সুরক্ষার মর্যাদা হারাতে পারে।

এদিকে শীতের মৌসুমে গাজায় স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা আরও বেড়েছে। বৃষ্টিতে তাঁবু ছেড়ে বাস্তুচ্যুত হতে হচ্ছে বহু মানুষকে। ঘনবসতিপূর্ণ আশ্রয়শিবিরগুলোতে সংক্রামক রোগের বিস্তারও বাড়ছে। এর মধ্যেই নাসের হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর প্রায় ৮০ শতাংশ ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক আল-ফারা।

হামলায় নিহত আরেকজন ২৯ বছর বয়সী সেইফ গাজি আবু হাতাব। গত সোমবার বন্ধুর বাড়ির ধ্বংসস্তূপ পরিষ্কারের সময় ওপর থেকে একটি ধ্বংসাবশেষ তার পিঠে পড়ে। পরে তাকে নাসের হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় তার অস্ত্রোপচারের সময় নির্ধারিত ছিল। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ারও কথা ছিল তার।

সেইফের চাচাতো ভাই ৩৭ বছর বয়সী তারেক আবু হাতাব বলেন, ‘সেইফ ছিল জীবনের সবচেয়ে সম্ভাবনাময় সময়ে থাকা এক তরুণ। সে বাঁচতে চেয়েছিল, নিজের বাড়ি পুনর্নির্মাণ করতে চেয়েছিল এবং কষ্ট ও দুর্ভোগমুক্ত স্বাভাবিক জীবন শুরু করতে চেয়েছিল। এর আগেই সে তার দুই ভাই ও বাবাকে হারিয়েছিল। এবার তার মায়ের আরও এক ছেলেকে হারাতে হলো।’

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার পর গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৪ হাজার ৬৪৫ জন নিহত হয়েছেন। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে।

২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।