কোলেট ক্রেস কে? এনভিডিয়ার অন্তর্বর্তী সিইও সম্পর্কে যা জানা যাচ্ছে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও গেমিং প্রযুক্তির জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ৩৩ বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। তার স্থলাভিষিক্ত হয়ে অন্তর্বর্তীকালীন সিইওর দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস। খবর প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেটের।

বৃহস্পতিবার সকালে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তার নিয়োগের ঘোষণা দেয়। নতুন চেয়ারম্যান হার্ভি জোনস এক বিবৃতিতে বলেন, কোলেট ক্রেস ও তার নেতৃত্বাধীন দলের ওপর পরিচালনা পর্ষদের পূর্ণ আস্থা রয়েছে। নেতৃত্বে পরিবর্তন হলেও প্রতিষ্ঠানের কার্যক্রম, গ্রাহকদের প্রতি প্রতিশ্রুতি এবং পণ্য উন্নয়নের পরিকল্পনায় কোনো বিঘ্ন ঘটবে না বলে আশা করছে পর্ষদ।

প্রযুক্তি খাতে ক্রেস খুব বেশি পরিচিত মুখ না হলেও এনভিডিয়ার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময়ে তাকে প্রতিষ্ঠানের নেতৃত্ব নিতে হচ্ছে। জেনসেন হুয়াংয়ের পদত্যাগের কয়েক দিন আগে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে পরিচালনা পর্ষদ হুয়াংয়ের বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছিল। হুয়াং স্বীকার করেছিলেন, চীনা গোয়েন্দা সংস্থার সহযোগী হিসেবে অভিযুক্ত এক সাবেক প্রযুক্তি নির্বাহীর সঙ্গে তার সম্পর্ক ছিল। পরে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে হুয়াংয়ের অধীন কর্মরত এনভিডিয়ার এক নির্বাহীর সঙ্গেও তাঁর সম্পর্কের কথা প্রকাশিত হয়।

এসব ঘটনা সামনে আসার আগে প্রতিষ্ঠানটিতে নেতৃত্বের উত্তরসূরি নির্ধারণের কোনো পরিকল্পনা ছিল না। ফলে আপাতত এনভিডিয়ার নেতৃত্বের ভার পড়েছে ক্রেসের ওপর।

২৫ বছরের আর্থিক অভিজ্ঞতা

এনভিডিয়ায় যোগ দেওয়ার আগে তিনটি প্রতিষ্ঠানে কাজ করেছেন কোলেট ক্রেস। কর্মজীবনের শুরুতে টেক্সাস ইনস্ট্রুমেন্টসে আট বছর বিভিন্ন আর্থিক দায়িত্ব পালন করেন তিনি। এরপর ১৯৯৭ সালে যোগ দেন মাইক্রোসফটে।

২০০৬ সালে মাইক্রোসফটের সার্ভার অ্যান্ড টুলস বিভাগের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হন ক্রেস। সে সময় প্রতিষ্ঠানটির সিইও ছিলেন স্টিভ বালমার। ২০১০ সাল পর্যন্ত মাইক্রোসফটে দায়িত্ব পালনের পর তিনি যোগ দেন সিসকোতে। সেখানে বিজনেস টেকনোলজি অ্যান্ড অপারেশনস ফাইন্যান্স ইউনিটের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও হিসেবে কাজ করেন।

ক্রেসের ভাষ্য অনুযায়ী, তাকে এনভিডিয়ায় আনতে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন জেনসেন হুয়াং। ২০১৩ সালে যোগ দেওয়ার আগে এক বৈঠকে হোয়াইটবোর্ডে নিজের প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছিলেন হুয়াং। ২০২৩ সালে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রেস জানান, হুয়াং তখনই এনভিডিয়াকে বিকাশমান কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

এনভিডিয়ায় যোগ দেওয়ার সময় ক্রেসের দুই ছেলের বয়স ছিল মাত্র ৮ ও ১০ বছর। প্রতিষ্ঠানটির গেমিং খাতে পরিচিতি ও গুরুত্ব সম্পর্কে তাদের আগে থেকেই ধারণা ছিল। ২০২৪ সালে ফরচুন সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রেস জানান, হুয়াংয়ের পরিকল্পনা বুঝতে এবং এনভিডিয়ায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিতে ছেলেদের আগ্রহও তাকে প্রভাবিত করেছিল। তিনি আরও বলেন, ২০১৩ সালে এনভিডিয়ায় যোগ দেওয়ার সময় এটি ছিল তার কর্মজীবনে কাজ করা সবচেয়ে ছোট প্রতিষ্ঠান।

রাজস্ব ৪ বিলিয়ন থেকে ২১৫ বিলিয়ন ডলার

ক্রেস এনভিডিয়ায় যোগ দেওয়ার সময় প্রতিষ্ঠানটির বার্ষিক আয় ছিল ৪ দশমিক ২৮ বিলিয়ন মার্কিন ডলার। তবে এআই প্রযুক্তির বিস্তারের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবসা ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। ২০২৬ অর্থবছরে এনভিডিয়ার রাজস্ব রেকর্ড ২১৫ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

স্থায়ী সিইও হওয়ার সম্ভাবনা

কোলেট ক্রেসকে অন্তর্বর্তীকালীন সিইও নিয়োগের পাশাপাশি স্থায়ী সিইও খুঁজতে অভ্যন্তরীণ ও বাইরের প্রার্থীদের বিবেচনা করার কথা জানিয়েছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। ফলে ক্রেস নিজেও স্থায়ীভাবে এ পদে দায়িত্ব পাওয়ার দৌড়ে রয়েছেন।

এ বিষয়ে এখনই চূড়ান্ত কোনো ধারণা করা কঠিন। তবে তিনি স্থায়ী সিইও হলে অ্যাপলের টিম কুকের মতো ভূমিকা পালন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ প্রতিষ্ঠানকে স্থিতিশীল রাখা এবং প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখাই হতে পারে তাঁর প্রধান দায়িত্ব।

নেতৃত্ব পরিবর্তনের পর কর্মীদের কাছে পাঠানো প্রথম ই-মেইলে ক্রেস বলেন, ‘পরিচালনা পর্ষদ, নির্বাহী দল ও আমি বুঝতে পারছি, এটি অত্যন্ত কঠিন একটি সময়। আপনাদের ধৈর্য, পেশাদারত্ব এবং প্রতিষ্ঠানের প্রতি অব্যাহত নিষ্ঠার জন্য আমরা কৃতজ্ঞ।’

তবে নতুন দায়িত্বে ক্রেসকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এক শুনানিতে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন জেনসেন হুয়াং। থ্যাংকসগিভিং ছুটির আগেই শুনানিটি আয়োজনের পরিকল্পনা করছে প্রতিনিধি পরিষদ। প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্ট জানিয়েছেন, ভবিষ্যতে অন্য ব্যক্তি বা বিষয় নিয়েও প্রকাশ্য শুনানির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এ পরিস্থিতিতে আগামী কয়েক সপ্তাহ এনভিডিয়াকে ব্যাপক নজরদারি ও প্রশ্নের মুখে পড়তে হতে পারে। বিশেষ করে আগামী বছরের শুরুতে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেটে নিয়ন্ত্রণ ফিরে পেলে প্রতিষ্ঠানটির ওপর রাজনৈতিক ও নীতিনির্ধারণী চাপ আরও বাড়তে পারে।