গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় সার্জনসহ নিহত ৬

ফিলিস্তিন ভূখণ্ডের দক্ষিণ গাজার খান ইউনিসের আল নাসের হাসপাতালে ইসরায়েলের হামলায় ৬ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ২০ জন। নিহতদের মধ্যে হাসপাতালটির এক সার্জন ও এক শিশু রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ভোরে খান ইউনিসের পশ্চিমাঞ্চলে অবস্থিত এই মেডিকেল কমপ্লেক্সটিতে বিমান হামলা চালানো হয়। হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, হামলায় হামাসের একজন জ্যেষ্ঠ সদস্য এবং সংগঠনটির সশস্ত্র শাখার অন্য সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়েছে। তাদের দাবি, এসব সদস্য হাসপাতালের ভেতরে অবস্থান করছিলেন। এক বিবৃতিতে আইডিএফ অভিযোগ করে, হামাস হাসপাতাল কমপ্লেক্সটিকে সামরিক অভিযানের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছে।

এর আগে গত বুধবার গাজা সিটির দক্ষিণে আল-সাবরা এলাকায় ইসরায়েলি হামলায় একজন নিহত হন। এ ছাড়া মধ্য গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বে ইসরায়েলি সেনাদের গুলিতে একজন নিহত হন। গাজা সিটির উত্তর-পশ্চিমাঞ্চলের আল-নাসর এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন আরও একজন। এদিকে, ভারী বৃষ্টিতে বন্যার কারণে বাস্তুচ্যুত কয়েক লাখ মানুষের আশ্রয়ের জন্য জলরোধী তাঁবু সরবরাহে জরুরি আবেদন জানিয়েছে জাতিসংঘ।