হরমুজ আগের অবস্থায় ফিরবে না: গালিবাফ

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৮ এএম

উপসাগরীয় অঞ্চলের সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা চলছে। প্রায় আট মাস ধরে চলা সংঘাতের অবসানে দুই পক্ষ এখনো কোনো ঐকমত্যে পৌঁছতে পারেনি; আর সে পথে অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালি। ইতিমধ্যে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি কখনোই আর যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে ইরানের স্পিকার বাঘের গালিবাফ এ কথা বলেন। গত বুধবার প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই জলপথের তদারকির বিষয়ে ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতা হয়েছে। ইরানের দেওয়া সাত দফা যুদ্ধ অবসানের প্রস্তাবের অংশ হিসেবে এই সমঝোতা হয়েছে। তিনি বলেন, সেখানে কোনো ‘উন্মুক্ত বা আন্তর্জাতিক’ জলসীমা নেই। ১৯৮২ সালের সমুদ্র আইনবিষয়ক জাতিসংঘের সনদও এই প্রণালির ক্ষেত্রে প্রযোজ্য নয়। হরমুজ প্রণালির অভ্যন্তরে কী ধরনের নিয়মকানুন কার্যকর হবে, তা এর দুই তীরবর্তী দেশের আইন অনুযায়ী নির্ধারিত হবে।’

গালিবাফ জানান, কাতারের একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তেহরান। ওই বার্তায় শান্তি আলোচনায় বসার জন্য ইরানের সাতটি শর্ত তুলে ধরা হয়েছে। তেহরান এখন আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ইরান। গালিবাফ বলেন, ‘বল এখন ওয়াশিংটনের কোর্টে।’ ইরানের প্রধান আলোচক হিসেবে গালিবাফ যেসব শর্তের কথা উল্লেখ করেন, তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ-অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে আটকে থাকা ইরানের অর্থ ছাড়, সব যুদ্ধক্ষেত্রে লড়াই বন্ধ করা এবং যুদ্ধের অবসান ঘটেছে বলে সুস্পষ্ট ঘোষণা দেওয়া। তার দাবি, এসব শর্ত গত জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগে এগুলো বাস্তবায়ন করতে হবে। গালিবাফ বলেন,  যুক্তরাষ্ট্র যদি অতিরিক্ত কোনো দাবি না তোলে এবং অবিশ্বাস তৈরি করে এমন আচরণ না করে, আগে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে সেগুলোর মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখে তাহলে স্বাভাবিকভাবেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। তিনি আরও বলেন, ‘একটি সমঝোতায় পৌঁছানোর পথে সবচেয়ে বড় বাধা হলো যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের আস্থার অভাব।’

গালিবাফ জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মস্কো সফরের সময় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাকে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় মধ্যস্থতা করার অনুরোধ জানিয়েছিলেন। ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নিয়েও সতর্ক করেন তিনি। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে পরাজয়ের মুখে পড়বেন এবং আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন কংগ্রেসের কাছ থেকেও রাজনৈতিক চাপের সম্মুখীন হতে পারেন। গালিবাফ বলেন, ইরান আর ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’এমন অনিশ্চিত পরিস্থিতিতে থাকতে চায় না। তার মতে, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ এবং সে জন্য টেকসই প্রতিরোধ সক্ষমতা গড়ে তোলা জরুরি। এর মধ্যে সামরিক সক্ষমতাও অন্তর্ভুক্ত।

সৌদি আরব সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার এবং ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাত নিয়েও কথা বলেছেন গালিবাফ। তিনি বলেন, ‘ইয়েমেনের সরকার ও সৌদি আরব উভয় পক্ষই যদি আমাদের সহায়তা চায়, তাহলে তাদের সংঘাত নিরসনে আমরা অবশ্যই সহযোগিতা করব।’ এর আগে সৌদি আরবে একের পর এক প্রাণঘাতী হামলার ঘটনার পর গত অক্টোবরেও দুই পক্ষের মধ্যে আলোচনা আয়োজনে সহায়তার প্রস্তাব দিয়েছিল ইরান।

সর্বশেষ সর্বাধিক পঠিত