আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে স্পেনের প্রধান শ্রমিক সংগঠনগুলোর ডাকা সাধারণ ধর্মঘটে অংশ নিয়েছেন লাখো মানুষ। দেশটির ৪০ লাখ শ্রমিকের বৃহত্তম ইউনিয়নগুলো ২০১২ সালের পর প্রথমবারের মতো স্পেনে ধর্মঘটের ডাক দেয়। স্থানীয় সময় গত বুধবারের এই ধর্মঘটে রাজধানী মাদ্রিদে ১ লাখ ২০ হাজার ও বার্সেলোনায় ৫০ হাজারের বেশি মানুষ রাস্তায় নামেন। তবে দিনভর শান্তিপূর্ণ বিক্ষোভের পর বার্সেলোনায় মুখোশধারী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। বার্সেলোনায় বিক্ষোভের সময়ের ভিডিওতে দেখা যায়, মুখোশধারী ব্যক্তিরা ময়লা ফেলার বিনে আগুন দিচ্ছেন এবং দোকানের জানালা ভাঙচুর করছেন। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। ধর্মঘটের ফলে স্পেনজুড়ে পরিবহন ও অন্যান্য সরকারি সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
বুধবার সন্ধ্যায় বার্সেলোনার কেন্দ্রীয় এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। পুলিশ সদস্যদের মাথায় হেলমেট এবং হাতে দাঙ্গা নিয়ন্ত্রণের ঢাল ছিল। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বিখ্যাত প্লাসা দে কাতালুনিয়ার কাছের পাসেই দে গ্রাসিয়া এলাকায় কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, একদল ব্যক্তি পুলিশের দিকে আতশবাজি ছোড়েন। পাশাপাশি লেগোসহ বিভিন্ন দোকানে লুটপাট চালান। বিক্ষোভকারীদের অ্যাপল স্টোরে ঢোকার চেষ্টাও করতে দেখা যায়। বিবিসি বার্সেলোনায় বিক্ষোভে অংশ নেওয়া এক নারীর সঙ্গে কথা বলেছে। তিনি বলেন, বিক্ষোভ বেশিরভাগ সময় ছিল শান্তিপূর্ণ ও ‘উৎসবমুখর’। আবাসন ব্যয়ের প্রতিবাদ জানাতে তিনি সেখানে গিয়েছিলেন। তিনি বলেন, ‘সেখানে অনেক শিশু ও বয়স্ক মানুষও ছিলেন।’ তবে সন্ধ্যায় ওই নারী বিক্ষোভকারী লাস রামব্লাস এলাকায় ছিলেন। ওই সময় তিনি রাস্তায় আগুন জ্বলতে দেখেন। তিনি বলেন, ‘চারদিকে আগুন জ্বলছিল। পরিস্থিতি ছিল খুবই উত্তেজনাপূর্ণ।’
দেশটির বৃহৎ শ্রমিক সংগঠন ইউজিটির প্রধান পেপে আলভারেজ বলেছেন, বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে ধর্মঘট সফল হয়েছে। আরেক শ্রমিক সংগঠন সিসি ওওর নেতা উনাই সোর্দো বলেছেন, ধর্মঘটে অংশগ্রহণের হার ছিল ‘খুবই উল্লেখযোগ্য’। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন ঘটনায় কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসন ব্যবসায়ীদের বিভিন্ন কার্যালয়েও হামলা হয়েছে। মাদ্রিদে বিক্ষোভে অংশ নেওয়া এক ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা পুরো শহর অচল করে দিয়েছি।’ সাধারণ ধর্মঘটের প্রতি মানুষের ব্যাপক সমর্থন রয়েছে বলেও জানান তিনি। ওই ব্যক্তি আরও বলেন, ‘বৃষ্টির আবহাওয়া সত্ত্বেও সবাই বাইরে বেরিয়ে এসেছেন। রাস্তায় মানুষের ঢল নেমেছে।’ ৩৭ বছর বয়সী শিক্ষক ওলগা দোমিঙ্গোও বিক্ষোভে অংশ নেন। তিনি বলেন, ‘আবাসন পরিস্থিতি ভয়াবহ। বর্তমান বেতনের তুলনায় জীবনযাত্রার ব্যয় এতটাই বেশি যে এভাবে চলা অসম্ভব।’
সাশ্রয়ী আবাসনের অভাব ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের ধারাবাহিকতায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। বিক্ষোভের সূত্রপাত মাদ্রিদের একটি ফ্ল্যাট থেকে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকাল নামের এক নারীকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে। ওই ফ্ল্যাটে তিনি সাত দশক বসবাস করছিলেন। উচ্ছেদের কয়েক সপ্তাহ পর হাসপাতালে তার মৃত্যু হয়। সাম্প্রতিক বছরগুলোয় স্পেনের রাজধানীতে বাড়িভাড়া বেড়েছে। আবাসনবিষয়ক ওয়েবসাইট আইডিয়ালিস্তার তথ্য অনুযায়ী, অক্টোবরে মাদ্রিদে ৫০ বর্গমিটারের (প্রায় ৫৩৮ বর্গফুট) একটি ফ্ল্যাটের গড় মাসিক ভাড়া ছিল ১ হাজার ১৭০ ইউরো। অন্যদিকে স্পেনের কর্মীদের গড় মাসিক বেতন প্রায় ২ হাজার ৪৬০ ইউরো। অর্থাৎ ফ্ল্যাটের ভাড়া গড় বেতনের প্রায় অর্ধেক। অথচ আবাসন বিশেষজ্ঞ ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সুপারিশ অনুযায়ী, বাড়িভাড়া আয়ের ৩০ শতাংশের বেশি হওয়া উচিত নয়।
আগামী ২৯ নভেম্বর স্পেনে পার্লামেন্ট নির্বাচন। সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আবাসন সংস্কার পরিকল্পনা পার্লামেন্টে অনুমোদন পেতে ব্যর্থ হওয়ার পর গত মাসে আগাম নির্বাচনের ডাক দেন। আগের সাধারণ ধর্মঘটগুলো ক্ষমতাসীন সরকারের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ালেও, এবারের ধর্মঘট ভিন্ন। প্রধানমন্ত্রী সানচেজ ও তার মন্ত্রিসভার সদস্যরা বরং শ্রমিকদের কাজ বন্ধ রেখে সাশ্রয়ী আবাসনের দাবিতে আন্দোলনে নামতে উৎসাহিত করেছেন।