বাসায় ঢুকে বিচারকপুত্র হত্যায় রাজশাহীতে আসামির মৃত্যুদন্ড

রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমন হত্যা মামলায় একমাত্র আসামি লিমন মিয়াকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২ আদালতের বিচারক রেজাউল করিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

২০২৫ সালের ১৩ নভেম্বর নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের তৎকালীন বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় আসামি লিমনের হামলায় তার ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ রহমান (সুমন) নিহত হয়। ছুরিকাঘাতে আহত হন বিচারকের স্ত্রীও। ওই সময় বিচারক আদালতে ছিলেন।

‘বিচারকের ভাই’ পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করেছিলেন লিমন। পরে পুলিশ ওই বাড়ি থেকে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতাবস্থায় তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিমনকে আটক করে পুলিশ। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি আলী আশরাফ মাসুম বলেন, রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আদালতের বিচারক পর্যবেক্ষণে বলেছে, এ ঘটনা আইন ও বিচার বিভাগের ওপর হুমকি। এর আগে এ ধরনের হুমকির ঘটনা কোথাও ঘটেনি।

রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী মামুন-অর-রশিদ বাবু। তিনি বলেন, আমরা এখনই বিস্তারিত বলছি না। তবে আমরা রায়ে অসন্তুষ্ট। উচ্চ আদালতে আপিল করব।