সরকারের অনুমোদন ছাড়াই চট্টগ্রামের কর্ণফুলীতে রিফাইনারি নির্মাণ করেছে টিকে গ্রুপের প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। শুধু তাই নয়, রিফাইনারি স্থাপনের জন্য বিপুল পরিমাণ মূলধনী যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রেও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অনুমোদন নেয়নি প্রতিষ্ঠানটি। গত বুধবার প্ল্যান্ট পরিদর্শন শেষে বিপিসির গঠিত সাত সদস্যের কমিটির আহ্বায়ক নিজেই এসব তথ্য জানান। অথচ সরকারের অনুমোদন ছাড়া কোনো রিফাইনারি স্থাপন করা যাবে না বলে ২০২৩ সালের নীতিমালায় স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। এমনকি প্রয়োজনীয় অনুমোদন ও কারিগরি সক্ষমতা যাচাইয়ের আগেই প্রতিষ্ঠানটিকে উৎপাদনের অনুমতি দেওয়ার পথ তৈরির তোড়জোড় চলছে বলে অভিযোগ উঠেছে।
বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশনস) মোহাম্মদ জাহিদ হোসাইন বলেন, সরকারের অনুমোদন না থাকলেও সুপার পেট্রোকেমিক্যালের রিফাইনারি নির্মাণকাজ চলছে। সেখানে নতুন ট্যাংক নির্মাণ এবং ক্রুড প্রসেসিং প্ল্যান্টের উন্নয়নকাজ হয়েছে। প্রতিষ্ঠানটি প্ল্যান্ট-সম্পর্কিত কিছু নথিপত্র কমিটির কাছে জমা দিয়েছে। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। নীতিমালার বাইরে গিয়ে ইউনিট-২ ও ৩ গড়ে তোলার বিষয়টিও কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হবে।
বিপুল পরিমাণ মূলধনী যন্ত্রপাতি ও অন্যান্য মেশিনারিজ আমদানির আগে বিপিসির অনুমোদন নেওয়া হয়েছিল কি না, সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহিদ হোসাইন বলেন, ‘তারা (সুপার পেট্রোকেমিক্যাল) মূলধনী যন্ত্রপাতি ও অন্যান্য মেশিনারিজ আমদানির বিষয়ে বিপিসির কাছে কোনো অনুমোদন চায়নি।’
গত মঙ্গলবার বিপিসির সচিব শাহিনা সুলতানা এক অফিস আদেশে সাত সদস্যের এ কমিটি গঠন করেন।
কমিটিকে তিন দিনের মধ্যে সুপার পেট্রোকেমিক্যালের রিফাইনারির উৎপাদন কার্যক্রম পরিচালনার অনুমোদনের বিষয়ে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়। তবে বৃহস্পতিবার দুপুরে কমিটির আহ্বায়ক জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া অনিশ্চিত। প্রতিষ্ঠানটির কাছে আরও কিছু বিষয়ে ব্যাখ্যা ও নথিপত্র চাওয়া হতে পারে। কমিটির সদস্যদের পর্যালোচনা ও আলোচনার পর প্রতিবেদন তৈরি করা হবে।
গত বুধবার সন্ধ্যায় তিন ঘণ্টার বেশি সময় ধরে প্ল্যান্ট পরিদর্শন করেছে কমিটি। তবে এ পরিদর্শনে রিফাইনারির প্রকৃত উৎপাদন সক্ষমতা কিংবা যন্ত্রপাতির কার্যকারিতা পরীক্ষা করা হয়নি বলে স্বীকার করেছেন কমিটির আহ্বায়ক। তিনি আরও জানান, আমরা প্রতিটি মেশিনারিজ বা প্ল্যান্ট চালু করে দেখিনি। ইনপুট-আউটপুট ঠিকভাবে হচ্ছে কি না এসব কারিগরি বিষয় টেকনিক্যাল কমিটি দেখবে। আর চূড়ান্ত অনুমোদনের বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।
কারিগরি সক্ষমতা ও নিরাপত্তার বিষয়গুলো যাচাই না করেই কীভাবে একটি রিফাইনারিকে উৎপাদনের অনুমোদন দেওয়ার সুপারিশ করা হবে, তা নিয়ে জ্বালানি খাতে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একটি রিফাইনারি স্থাপন ও পরিচালনার জন্য বিভিন্ন সরকারি দপ্তরের ৩০টির বেশি অনুমোদন ও ছাড়পত্র প্রয়োজন। এর মধ্যে বিপিসি ও বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লাইসেন্স, বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লে-আউট ও নিরাপত্তা অনুমোদন এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বন্ডেড ওয়্যার হাউজ লাইসেন্স ও ভ্যাট নিবন্ধন অন্যতম।
অভিযোগ রয়েছে, এসব অনুমোদন ও ছাড়পত্রের বিধান যথাযথভাবে অনুসরণ না করেই সুপার পেট্রোকেমিক্যাল রিফাইনারি নির্মাণের কাজ এগিয়ে নিয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ফাঁকির অভিযোগও উঠেছে। যন্ত্রপাতির ঘোষণায় অন্য কোনো পণ্য আমদানি কিংবা চোরাচালানের ঘটনা ঘটেছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত তদন্তের তথ্য পাওয়া যায়নি।