এইচএসসির সম্পূরক পরীক্ষা ১ থেকে ১৫ ডিসেম্বর

এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

গতকাল বৃহস্পতিবার শিক্ষা বোর্ড প্রকাশিত সূচি অনুযায়ী, পরীক্ষার প্রথম দিন ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পর দিন ২ ডিসেম্বর নেওয়া হবে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা।

শেষ দিন ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষার মধ্য দিয়ে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে।

প্রতিটি বিষয়ের পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম পত্রের পরীক্ষা এবং দ্বিতীয় শিফটে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে আগের প্রাপ্ত নম্বর বহাল থাকবে। তবে যেসব পরীক্ষার্থী ব্যবহারিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন কিংবা অনুপস্থিত ছিলেন, শুধু তাদের আবার ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে। এ পরীক্ষার তারিখ, সময় ও স্থান সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা অধ্যক্ষের কাছ থেকে পরীক্ষার্থীদের জেনে নিতে হবে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে নম্বর অনলাইনে এন্ট্রি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।

পরীক্ষার্থীদের তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) অংশে পৃথকভাবে পাস করতে হবে। পরীক্ষার অন্তত পাঁচ দিন আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।

সম্পূরক পরীক্ষায় কতজন শিক্ষার্থী অংশ নিচ্ছেন, তা এখনো জানা যায়নি বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেদিন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে। এর ধারাবাহিকতায় গত ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়।