ককটেল আতঙ্কে ৮ চীনা শিক্ষার্থী ঢাবি ছাড়ছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় সৃষ্ট আতঙ্কে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে যাচ্ছেন চীনের গুয়াংডং ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের আট শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় স্বল্পমেয়াদি কোর্সে অংশ নিতে ঢাকায় এসেছিলেন তারা। এরই মধ্যে দুজন গত বুধবার দেশে ফিরে গেছেন। বাকি ছয়জন আজ শুক্রবার ঢাকা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের আবাসিক হল স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবুল কাউছার।

গত বুধবার সন্ধ্যায় বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের উদ্বেগ ও মতামত শোনেন প্রাধ্যক্ষ। চীনের ওই শিক্ষার্থীরা ঢাবিতে একটি স্বল্পমেয়াদি কোর্সে অংশ নিতে এসেছিলেন। চলতি নভেম্বরের শেষ সপ্তাহে তাদের কোর্স শেষ করার কথা ছিল। তবে সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে কোর্স শেষ না করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তারা। তাদের নিজ বিশ্ববিদ্যালয় থেকেও দেশে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

এ বিষয়ে অধ্যাপক কাউসার বলেন, ‘নভেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা শেষ করে তাদের দেশে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় সৃষ্ট উদ্বেগ ও আতঙ্কের কারণে তারা আগেভাগেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দুজন এরই মধ্যে চলে গেছেন। বাকি ছয়জনও আগামীকাল চলে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। তিনি বলেন, ‘আমি হলের সব শিক্ষার্থীর সঙ্গে বসেছি এবং তাদের উদ্বেগের কথা শুনেছি। তাদের মধ্যে দুজন ৯ নভেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদে (এফবিএস) ককটেল বিস্ফোরণের ঘটনাটি খুব কাছ থেকে দেখেছেন। ফলে তারা অন্যদের তুলনায় বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন। তাদের দেশে হয়তো এ ধরনের ঘটনা বা দৃশ্যের মুখোমুখি হতে হয় না। এ কারণে তারা মানসিকভাবে ভীত হয়ে পড়েছেন।’ অধ্যাপক কাউছার বলেন, হলে অবস্থানরত বাকি ১৮ থেকে ২০ শিক্ষার্থী আশ্বস্ত হয়েছেন তারা ফিরছেন না।

তিনি বলেন, ‘বিদেশি শিক্ষার্থীদের এভাবে চলে যাওয়ার বিষয়টি নিঃসন্দেহে আমাদের আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময় কর্মসূচির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তাই শিক্ষার্থীরা যেন তাদের কোর্স সম্পন্ন করতে পারেন, সেজন্য তাদের পরীক্ষা অনলাইনে নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ঘটনর সত্যতা নিশ্চিত করেছেন। কয়েক দিনের ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ থেকেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।