রিয়েল এস্টেট ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

বাংলাদেশ রিয়েল এস্টেট ক্লাব লিমিটেডের (বিআরইসি) নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানের ১২৩ নম্বর রোডে এ কার্যালয় উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। এ সময় রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল, রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুলসহ ক্লাবের পরিচালকরা উপস্থিত ছিলেন।

কেক কেটে নতুন কার্যালয় উদ্বোধনের আগে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, বাংলাদেশ রিয়েল এস্টেট ক্লাব হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে। একটি নিজস্ব জায়গায় ক্লাব পরিচালনার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এটি যেন আমাদের সবার সেকেন্ড হোম হয়। সেভাবে আমরা কাজ করব। শুধু ব্যবসায় নয়, অন্তরের মিল যাতে থাকে। এই ক্লাবের মাধ্যমে আনন্দের জায়গা, বন্ধনের জায়গা তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি।

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, বাসায় যেমন রাজনীতি হয় না, তেমনি এই ক্লাব থাকবে রাজনীতির ঊর্ধ্বে। কাজের ক্লান্তি শেষে এখানে যাতে পরিবারের সদস্যদের নিয়ে আসতে পারি। একজনের পরিবারের সঙ্গে অন্য সদস্যদের পরিবারের একটা বন্ধন গড়ে উঠবে। আপনাদের সবার হাত ধরে ক্লাব এগিয়ে যাবে।

রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, এটি খুব ভালো উদ্যোগ। এখানে রিহ্যাবকে সম্পৃক্ত করলে আরও ভালো হবে। সারা দিনের ক্লান্তি শেষে একটু বিনোদনের দরকার আছে।

এই ক্লাবটি আবাসন ব্যবসায়ী ও পরিবারের সদস্যদের জন্য ভালো একটি জায়গা হতে পারে উল্লেখ করে তিনি বলেন, বিনোদন ও সামাজিক আয়োজনের এ উদ্যোগ ক্লাবের বন্ধনকে আরও দৃঢ় করবে। সদস্যদের মধ্যে যোগাযোগের নেটওয়ার্ক বাড়াতে ডিজিটাল প্ল্যাটফর্ম বা নিয়মিত নেটওয়ার্কিং সেশনের আয়োজনেরও পরামর্শ দেন তিনি।

ক্লাবের পরিচালকরা নানা সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি শিল্পীর পাশাপাশি ক্লাবের সদস্যদের কয়েকজনও গান পরিবেশন করেন।

এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) ড. হারুন অর রশীদ, ক্লাবের পরিচালক এমজিআর নাসির মজুমদার (আইপিপি), এএসএম শায়খুল ইসলাম এফসিএমএ, এসএম এমদাদ হোসেন, স্থপতি সাঈদ পারভেজ রেজা লতিফ, মো. মনির হোসেন, এসএম হাবিবুর রহমান, মিস মৌসুমি ইসলাম, প্রকৌশলী এসএম পলাশ, একেএম মিজানুর রহমান এফসিএ, শেখ আবুল হাসেম ও মোহাম্মদ শাহ আলম মোল্লা প্রমুখ।