ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওজন স্কেল ব্যবসায়ীদের ‘গলার ফাঁস’

দেশের ২২টি মহাসড়কের কোথাও ওজন স্কেল দিয়ে ভারী পণ্যবাহী যানবাহন চলাচলের ওপর বিধি-নিষেধ নেই। ব্যতিক্রম কেবল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকু- বড় দারোগাহাট এলাকায় স্থাপিত ওজন স্কেল। এ ওজন স্কেলের মাধ্যমে চট্টগ্রাম থেকে ১৩ টনের বেশি পণ্য পরিবহনে রয়েছে নিষেধাজ্ঞা। চট্টগ্রামের ব্যবসায়ীরা বলছেন, সরকারের দ্বৈতনীতির কারণে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। বিগত ৯ বছর ধরে প্রত্যেকটি সরকারের আমলে মন্ত্রীদের কাছ থেকে এ বৈষম্য দূর করার আাস মিললেও এর সমাধান মেলেনি। এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় বৈষম্য থেকে মুক্তি পেতে কঠোর কর্মসূচিতে যাওয়ার বিষয়ে ব্যবসায়ী নেতাদের মধ্যে আলোচনা চলছে।

দেশের প্রধান সমুদ্রবন্দরের কারণে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। দীর্ঘদিন ধরে আমদানিকৃত বিভিন্ন ধরনের পণ্য চট্টগ্রাম বন্দর থেকে প্রতিটি ট্রাকে ২০ থেকে ৩০ টন করে দেশের বিভিন্ন গন্তব্যে পরিবহন করা হতো। ২০১৭ সালের ডিসেম্বরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগাহাট ও দাউদকান্দি এলাকায় পণ্যবাহী গাড়ির ওজন নিয়ন্ত্রণের জন্য ওজন স্কেল (এক্সেল লোড কন্ট্র্রোল) বসায় সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এরপর থেকে ওই মহাসড়ক দিয়ে প্রতি গাড়িতে ১৩ টনের বেশি পণ্য পরিবহনে বিধি-নিষেধ আরোপ করা হয়। এর ফলে চরম বৈষম্যের মুখে পড়েন চট্টগ্রামের ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে দ্বিগুণের বেশি বেড়ে যায় পরিবহন ব্যয়। দেশের অন্য মহাসড়কগুলোতে এ বিধি-নিষেধ না থাকায় অসম প্রতিযোগিতায় পড়েন তারা।

চট্টগ্রামের একাধিক ব্যবসায়ী নেতা দেশ রূপান্তরকে বলেন, ওজন স্কেলের কারণে অতিরিক্ত পরিবহন খরচ এড়াতে আমদানি-রপ্তানি খাতের ব্যবসায়ীরা চট্টগ্রাম বন্দর বাদ দিয়ে অন্য বন্দরকে অগ্রাধিকার দিচ্ছেন। চট্টগ্রাম বন্দর হয়ে আসা অধিকাংশ পণ্য আগে সড়কপথে দেশের বিভিন্ন গন্তব্যে গেলেও অতিরিক্ত খরচ এড়াতে এখন অনেকে চট্টগ্রাম বন্দর হয়ে আমদানি করা বেশিরভাগ পণ্য খাতুনগঞ্জের গুদামে আনছেন না। আমদানি পণ্যের বড় একটি অংশ এখানে খালাস না হয়ে সরাসরি চলে যাচ্ছে কমলাপুর আইসিডিতে। আবার অনেকে নৌপথে দেশের বিভিন্ন গন্তব্যে পাঠিয়ে দিচ্ছেন। একসময় দেশের অধিকাংশ জেলার ব্যবসায়ীরা চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ভোগ্য পণ্য নিলেও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় এখান থেকে পণ্য বিক্রিও কমে গেছে।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি ও মীর গ্রুপের কর্ণধার আবদুস সালাম দেশ রূপান্তরকে বলেন, ‘ওজন স্কেলের মাধ্যমে পণ্য পরিবহনে এ নিয়ন্ত্রণ আরোপ চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যকে ধ্বংস করার একটি সুদূরপ্রসারী চক্রান্ত। দেশের ২২ মহাসড়কের কোথাও এ ব্যবস্থা নেই, আছে শুধু চট্টগ্রামে। এ স্কেলের কারণে এখানকার ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত ৯ বছর ধরে এ বৈষম্য দূর করার জন্য আমরা সব সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে গিয়েছি, তাদের বুঝিয়েছি কিন্তু তারা কেবল আাসই দিয়ে গেছেন। সংকটের কোনো সমাধান হয়নি। ওজন স্কেলের কারণে চট্টগ্রামের ব্যবসায়ীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে মন্তব্য করে আবদুস সালাম বলেন, এ কারণে চট্টগ্রাম থেকে পণ্য কেনা কমিয়ে দিয়েছেন অন্যান্য জেলার ব্যবসায়ীরা। এতে কমে গেছে খাতুনগঞ্জের ভোগ্যপণ্যের পাইকারি ব্যবসাও। এখন আমাদের সামনে কঠোর কর্মসূচিতে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই।’

চট্টগ্রামের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনেও প্রার্থীদের কাছে খাতুনগঞ্জের ব্যবসায়ীদের প্রধান দাবি ছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওজন স্কেলের বৈষম্য থেকে তাদের মুক্ত করা। প্রার্থীরাও এ বিষয়ে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন তখন। কিন্তু নির্বাচনের প্রায় ৬ মাস অতিবাহিত হলেও বিষয়টির সুরাহা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহসভাপতি আমজাদ হোসাইন চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, সোনা মসজিদ স্থলবন্দর, হিলি স্থলবন্দর, মোংলা বন্দর থেকে পণ্য নিয়ে মহাসড়কে চলাচলকারী গাড়ির ওপর ওজনের ব্যাপারে কোনো ধরনের বিধি-নিষেধ না থাকলেও চট্টগ্রামে এ বিধি-নিষেধ আরোপ সম্পূর্ণ একপেশে ও উদ্দেশ্যমূলক। চেম্বারের বর্তমান পর্ষদের দায়িত্ব নেওয়ার পর ওজন স্কেলের বৈষম্যের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি প্রেরণ ও একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। আমাদের পরিষ্কার বক্তব্য দেশের ২২ মহাসড়কের কোথাও না থাকলে কেবল চট্টগ্রামে কেন এ বিধি-নিষেধ থাকবে। তারা আমাদের আাস দিয়েছেন শিগগিরই এ বিষয়ে আলাপ-আলোচনার মাধ্যমে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। আশা করছি, এ সমস্যার দ্রুত সমাধানে সরকার ব্যবস্থা নেবে।