১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ৪০ লাখ ডলার

চলতি নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ১১ নভেম্বর দেশে ১১ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১৩৮ কোটি ডলার। সে হিসাবে বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ২ শতাংশ। রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। প্রবাসী বাংলাদেশিরা বিদেশে কাজ করে যে অর্থ দেশে পাঠান, তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রেমিট্যান্সের মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ে এবং আমদানি ব্যয় মেটাতে সহায়তা হয়। পাশাপাশি দেশের বেকারত্ব ও দারিদ্র্য হ্রাস, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধিতে রেমিট্যান্সের অবদান রয়েছে। অনেক পরিবার রেমিট্যান্সের অর্থ দিয়ে খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের চাহিদা পূরণ করে।