কানাডার বাজারে বাংলাদেশের পাট খাতের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) খাতের উদ্যোক্তাদের রপ্তানি সক্ষমতা বাড়াতে ‘ট্রেড ফর রেজিলিয়েন্ট, ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইন্যাবল ইকোনোমিক গ্রোথ (ট্রাইসেগ)’ প্রকল্প চালু করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ট্রেড ফেসিলিটেশন অফিস (টিএফও) কানাডা।
গতকাল বৃহস্পতিবার ডিসিসিআই মিলনায়তনে প্রকল্পটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিম। এ ছাড়া ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনা বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, ট্যাইসেগ প্রকল্পটি সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত ব্যবসায়িক পরামর্শ এবং সরাসরি বাজার সংযোগ সহায়তার মাধ্যমে এসএমই উদ্যোক্তাদের রপ্তানি সক্ষমতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাশাপাশি কানাডাসহ অন্যান্য আন্তর্জাতিক বাজারে নতুন ব্যবসায়িক সম্ভাবনা ও সুযোগ অন্বেষণ করতে সক্ষম হবে।
ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ বলেন, চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ২০২৫ সালে বাংলাদেশের রপ্তানি আয় ছিল ৪৮ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি পণ্যের রপ্তানির ক্ষেত্রে কানাডা শীর্ষ ১০টি গন্তব্যের মধ্যে অন্যতম, যেখানে রপ্তানির পরিমাণ ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
তিনি জনান, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশের পাট ও পাটজাত খাতে ২৫ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা বেশ আশাব্যঞ্জক। তবে, এলডিসি হতে উত্তরণের পর বাংলাদেশের রপ্তানি খাতকে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশের রপ্তানি খাতের টেকসই প্রবৃদ্ধি ও প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে পণ্যের বহুমুখীকরণ অত্যন্ত জরুরি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিম বলেন, দেশের পাট ও পাটজাত পণ্য খাতের অগ্রগতি সন্তোষজনক হলেও পণ্যের বহুমুখীকরণের অনুপস্থিতিসহ এ খাতে এখনো অনেক চ্যালেঞ্জ বিদ্যমান। পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণের জন্য আন্তর্জাতিক বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্যের বহুমুখীকরণের পাশাপাশি আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ ও পণ্যের গুণগত মান নিশ্চিতের ওপর তিনি জোরারোপ করেন। সেই সঙ্গে দেশের পাট খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিজেদের উৎপাদিত পণ্যের বহুমুখীকরণ, মান উন্নয়ন এবং মানদন্ড পরিপালনে এ প্রকল্প সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
টিএফও কানাডার প্রজেক্ট ম্যানেজার মো. আশরাফ আহমেদ জানান, কানাডার সরকারের অর্থায়নে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের স্বল্পন্নোত ও অনুন্নত ১৬টি দেশে পরিচালিত ৫ বছর মেয়াদি এ ‘ট্রাইসেগ’ পকল্পের আতওায় এসএমই, বিশেষ করে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, রপ্তানি প্রস্তুতিতে সহযোগিতা, ডিজিটালাইজেশন, অর্থায়নের সুযোগ এবং জলবায়ু সক্ষমতা বাড়ানোর ওপর দীর্ঘমেয়াদে প্রশিক্ষণ প্রদান করা হবে। এর মাধ্যমে প্রায় ৩ হাজার ২০০ ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তারা কানাডার স্থানীয় বাজারে নিজেদের উৎপাদিত পণ্যের প্রবশোধিকার বৃদ্ধিতে সার্বিক সহযোগিতা পাবেন। তবে এদের ৬৭ শতাংশ হবেন নারী উদ্যোক্তা এবং বাংলাদেশের প্রায় ২০০ এসএমইদের এ ধরনের সহযোগিতা পাওয়ার সুযোগ রয়েছে। লাইটক্যাসল পার্টনার্সের প্রিন্সিপাল বিজনেস কনসালট্যান্ট ও পোর্টফোলিও ম্যানেজার ওমর ফারহান খান বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ পাট উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও পাটজাত পণ্যের মূল্য সংযোজনের অভাবে দেশটি ৩ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক বাজারের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারছে না। পণ্যের বহুমুখীকরণ, মূল্য সংযোজন, উদ্ভাবন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার বৃদ্ধির মাধ্যমে দেশের পাট খাতের সম্প্রসারণে এ প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মাহবুবুর রহমান বলেন, কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত নানাবিদ উদ্যোগ হতে প্রাপ্ত সুবিধা সম্পর্কে সচেতনতার অভাবের কারণে অনেক এসএমই উদ্যোক্তারা ঋণ সুবিধা প্রাপ্ত হতে বঞ্চিত হচ্ছেন। অনুষ্ঠানে বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের পরিচালক মো. সাইফুল ইসলাম আগামী ১০ বছরের জন্য পাটজাত পণ্যের শুল্ক মুক্ত সুবিধা প্রদান, কাঁচা পাটের মূল্য নির্ধারণের পাশাপাশি এ খাতের পণ্যে সরবরাহের সাপ্লাইচেইন ব্যবস্থার উন্নয়নের আহ্বান জানান। এ ছাড়া পাট খাতের নারী উদ্যোক্তাদের আর্থিক সুবিধা প্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণ, সার্টিফিকেশন কমপ্লায়েন্স ব্যয় হ্রাসকরণের ওপর জোরারোপ করেন প্রতিমা চক্রবর্তী।