ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর : বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জমান মিল্লাত বলেছেন, ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর। ত্রিশালকেই আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে। সরকার ইতিমধ্যে ত্রিশালকে নজরুল সিটি হিসেবে ঘোষণা করেছে। বৃহস্পতিবার সকালে ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী ত্রিশাল বিনির্মাণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, আগে বগুড়া বিমানবন্দরের কাজ শুরু হবে, পরে ত্রিশালে বৃহৎ পরিসরে আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ শুরু হবে। বিএনপি সরকার গঠন করলে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে।

ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।