হবিগঞ্জ, পঞ্চগড়, কুড়িগ্রাম, নোয়াখালী ও শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থীসহ মোট ১০ জন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক সড়কে এসব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এর মধ্যে হবিগঞ্জের মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন, পঞ্চগড়ের বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষার্থী, নোয়াখালীর সুবর্ণচরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীসহ তিন জন, কুড়িগ্রামের রৌমারীতে গরুবোঝাই নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি এবং বগুড়ার শেরপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় এক ব্যাংক কর্মকর্তা প্রাণ হারান।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুরে নিহতরা হলেন মেইলগাড়ির চালক মো. জসিম (৪০) ও মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪) এবং আবুল কালাম আজাদ (৫৫)। তারা ঘটনাস্থলেই মারা যান। মো. জসিম ও আবুল কালাম আজাদের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জে। মজনুর ঠিকানা জানা যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নয়াপাড়া-কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ডাকবাহী গাড়িটি সিলেট পোস্টাল ডিভিশনের মেইল পরিবহনের কাজে নিয়োজিত ছিল। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ের বোদায় মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসা শিক্ষার্থী মারা গেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে বোদা উপজেলার শাহাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার তিনজনই স্থানীয় একটি দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। নিহতরা হলেন বোদার সাকোয়া এলাকার আতাউর রহমানের ছেলে সাদিক (১৭), ফুলবাড়ী এলাকার মিজানুর রহমানের ছেলে রাহাত (১৬)। একই এলাকার গুরুতর আহত রাব্বি (১৬)কে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে তারা প্রাইভেট পড়া শেষে বাসায় ফিরছিল। এ সময় চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় রাস্তায় মোড় নিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদিক ও রাহাতকে মৃত ঘোষণা করেন।
নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালীর সুবর্ণচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজার ব্রিজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চরজব্বর থানার শিউলি আকরাম বাজারসংলগ্ন হাজিগ্রামের কামাল হোসেনের ছেলে মো. আবদুল করিম (১৭)। সে পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল এবং বৃহস্পতিবারই সে টেস্ট পরীক্ষা দিয়েছিল। নিহত অপর দুজন হলেন পূর্ব চরবাটা ইউনিয়নের আদর্শগ্রাম বেড়িবাঁধ এলাকার মো. আবু তাহেরের ছেলে শাহাদাত (১৯) এবং একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে মো. শামীম।
জানা গেছে, নিহত শাহাদাত আগে নদীতে কাজ করলেও বর্তমানে ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কাঞ্চনবাজার ব্রিজসংলগ্ন সড়কে দ্রুতগামী দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় আরোহীরা ছিটকে পড়ে গুরুতর জখম হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুল করিম ও শাহাদাতকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে গুরুতর আহতাবস্থায় শামীমকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসাধীন কিছুক্ষণ পর তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
চরজব্বর থানার ওসি রফিকুল হাসান জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া ও সুরতহাল শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রৌমারীতে গরুবোঝাই নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফেরদৌস রহমান (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার যাদুরচর ইউনিয়নের বাইমমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস রহমান চিলমারী উপজেলার নয়ারহাট গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলেন। তার বাড়ি বগুড়া জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরদৌস রহমান মোটরসাইকেলে করে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে বাইমমারী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গরুবোঝাই নসিমনের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রৌমারী থানার ওসি কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
শেরপুর (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় সুমন আহম্মেদ নামে এক ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুমন আহম্মেদ শেরপুর উপজেলার চকপোতা গ্রামের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদের বড় ছেলে। তিনি দুপচাঁচিয়া অগ্রণী ব্যাংকে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়ি থেকে অটোরিকশাযোগে কর্মস্থল দুপচাঁচিয়ার উদ্দেশে রওনা হন সুমন। পথে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি পিকআপভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।