নীল-সাদা কাঁকড়া

সাগরের তলদেশ, বালুময় উপকূল ও কাদামাটির চর কাঁকড়ার অন্যতম আবাসস্থল। প্রজাতিভেদে রঙ ও আকৃতিতে ভিন্নতা থাকায় সামুদ্রিক এ প্রাণী সহজেই মানুষের নজর কাড়ে। এমনই উজ্জ্বল নীল ও সাদা ছোপযুক্ত একটি কাঁকড়া সম্প্রতি পটুয়াখালীর কুয়াকাটা মাছ বাজারে পর্যটকদের কৌতূহলের কেন্দ্র হয়ে উঠেছে।

গতকাল বৃহস্পতিবার সকালে কুয়াকাটা মেয়র বাজারের গাজী ফিশে জেলেরা গভীর সাগর থেকে ধরা অন্যান্য সামুদ্রিক মাছের সঙ্গে বিরল এই কাঁকড়াটি বিক্রির জন্য নিয়ে আসেন। কাঁকড়াটির উজ্জ্বল নীল রঙের দাঁড়া ও সাদা ছোপযুক্ত শক্ত খোলস মুহূর্তেই উপস্থিত সবার নজর কাড়ে।

এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ মানুষ ও ভ্রমণপিপাসু পর্যটকরা সেটি একনজর দেখতে বাজারে ভিড় করেন। উৎসুক অনেকেই কৌতূহলবশত নিজেদের মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

জেলে হাবিব বলেন, গভীর সাগরে মাছ ধরতে গেলে মাঝেমধ্যে জালে বিভিন্ন প্রজাতির কাঁকড়া ধরা পড়ে। তবে এত বড় আকারের ও উজ্জ্বল নীল রঙের কাঁকড়া সচরাচর দেখা যায় না। রঙ ও আকৃতি অন্য সাধারণ কাঁকড়ার চেয়ে সম্পূর্ণ আলাদা হওয়ায় বাজারে আনার পর অনেকেই দেখতে ভিড় করেন। এমন অদ্ভুত সুন্দর একটি কাঁকড়া দেখে আমরাও ভীষণ অবাক হয়েছি।

সিলেট থেকে আসা পর্যটক মুন্না বলেন, ‘কুয়াকাটায় বেড়াতে এসে এমন ব্যতিক্রমী নীল রঙের কাঁকড়া দেখতে পাব, তা ভাবিনি। কাঁকড়াটির রঙ ও আকৃতি সত্যিই আকর্ষণীয়। জীবনে প্রথমবার এত সুন্দর ও ভিন্ন রঙের কাঁকড়া দেখলাম। পরে স্থানীয় ফিশ ফ্রাই ব্যবসায়ী জামাল কাঁকড়াটি কিনে নেন।

তিনি জানান, কাঁকড়াটি ফ্রাই করে বিক্রির পরিকল্পনা করেছেন। তার দোকানে নেওয়ার পরও সেটি একনজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। তবে ব্যতিক্রমী এই সামুদ্রিক প্রাণীটি খাবার হিসেবে বিক্রির বিষয়টি অনেকের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।

ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, ‘এটি নীলাভ সাঁতারু কাঁকড়া (ইষঁব ঝরিসসরহম ঈৎধন/ঋষড়বিৎ ঈৎধন)। এর বৈজ্ঞানিক নাম চড়ৎঃঁহঁং ঢ়বষধমরপঁং। সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি প্রাণী।

তবে অতিরিক্ত ও অপরিকল্পিত আহরণ, ডিমওয়ালা ও ছোট আকারের কাঁকড়া শিকার, সামুদ্রিক দূষণ, প্লাস্টিক বর্জ্য এবং প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসের কারণে এদের অস্তিত্ব ঝুঁকিতে পড়তে পারে। এ অবস্থা থেকে উত্তরণে ডিমওয়ালা স্ত্রী কাঁকড়া আহরণ নিরুৎসাহিত করা, ছোট কাঁকড়া ধরা নিয়ন্ত্রণ এবং জেলেদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি সামুদ্রিক ও উপকূলীয় আবাসস্থল সংরক্ষণে কার্যকর উদ্যোগ নিতে হবে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, ‘নীল রঙের এ ধরনের কাঁকড়া সামুদ্রিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ প্রাণী। কাঁকড়াটির সঠিক প্রজাতি শনাক্ত করা প্রয়োজন।

সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের প্রাণীর প্রতি আমাদের সচেতন হওয়া জরুরি। বিরল বা ব্যতিক্রমী সামুদ্রিক প্রাণী দেখলে সেগুলো সংরক্ষণে গুরুত্ব দেওয়া উচিত।’