দেশে অনুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং স্টেশন রয়েছে ৫০ হাজার ৯৫১টি। বিদ্যুৎ বিভাগের আওতাধীন সব বিতরণকারী সংস্থা ও কোম্পানির অধীনে এসব স্টেশন রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে জামায়াতের সংসদ সদস্য আব্দুল বারী সরদারের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
বিদ্যুৎমন্ত্রী বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুৎ চুরি বন্ধ, মিটার কারসাজি প্রতিরোধ এবং গ্রাহকসেবার মানোন্নয়নে এএমআর ও প্রিপেইড মিটার স্থাপন, স্মার্ট প্রিপেইড মিটার চালু, বিতরণ লাইন নির্মাণ ও উন্নয়ন এবং নন-স্ট্যান্ডার্ড লাইন মানসম্মত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পূরক প্রশ্নে বিএনপির এমপি জয়নুল আবেদীন বলেন, কী সম্পূরক প্রশ্ন করব, অনেক ব্যথা! আমার নির্বাচনী এলাকা বাবুগঞ্জ-মুলাদীতে ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। নির্বাচনের আগে বিএনপি ক্ষমতায় এলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলাম। মন্ত্রী এ এলাকায় ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। তবে আমার মনে হয়, এতে সমস্যার সমাধান হবে না। এখানে অন্তত ১৪০/৪৪ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করা প্রয়োজন। মন্ত্রী কবে নাগাদ এ উদ্যোগ নিতে পারবেন, তা জানতে চাই।
জবাবে বিদ্যুৎমন্ত্রী বলেন, জয়নুল আবেদীন তার জন্য গত ১৭ বছরে বিনা পয়সায় অনেক মামলা লড়েছেন। তার কষ্টের কারণ হতে চান না তিনি।
বিএনপির সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ও জামায়াতের সংসদ সদস্য আমির হামজার পৃথক প্রশ্নের জবাবে বিদ্যুৎমন্ত্রী বলেন, সরকারিভাবে এলপিজির সরবরাহ বাড়াতে চট্টগ্রামের সীতাকু-ে বছরে এক লাখ টন উৎপাদন ক্ষমতার এলপিজি স্টোরেজ ও বটলিং প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য জমি অধিগ্রহণসহ প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া মোংলায় প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে এলপিজি স্টোরেজ ও বটলিং প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মাতারবাড়ী, মোংলা ও টাঙ্গাইলের এলেঙ্গায় এ ধরনের প্ল্যান্ট স্থাপনের কার্যক্রমও চলমান রয়েছে।
জামায়াতের এমপি সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার ভর্তুকি মূল্যে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করায় চলতি মার্চ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিপিসিকে প্রায় ২৭ হাজার ৬৬৯ কোটি ৭৯ লাখ টাকা লোকসান দিতে হয়েছে।
বিএনপির সংসদ সদস্য এএম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নের জবাবে বিদ্যুৎমন্ত্রী বলেন, দেশে বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা, অপরিকল্পিত নীতি এবং সাম্প্রতিক বৈশ্বিক জ্বালানিসংকটের পুঞ্জীভূত ফল।
রাষ্ট্রায়ত্ত ৩৫ শিল্পপ্রতিষ্ঠানের ৩০টিই লোকসানে : এদিকে দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন ৫৫ শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ২০টি বন্ধ রয়েছে। চালু থাকা ৩৫টির মধ্যে ৩০টিই লোকসানে রয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জাতীয় সংসদে জামায়াতের সংসদ সদস্য মোক্তার আলীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। শিল্পমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ২৫ প্রতিষ্ঠানের মধ্যে ১৫টি বন্ধ। চালু থাকা ১০টির মধ্যে ৯টি লোকসানে এবং একটি লাভজনক। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) ১৪ প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি বন্ধ, ছয়টি লোকসানে এবং তিনটি লাভে রয়েছে। আর বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের (বিএসএফআইসি) ১৬ প্রতিষ্ঠানের মধ্যে ১৫টি লোকসানে, লাভে রয়েছে মাত্র একটি।