নিউইয়র্কে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৮

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে তিনতলা ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জন। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, নিহত সকলের পরিচয় সনাক্ত করা হয়েছে। খবর সিএনএন। 

এই ট্র্যাজেডিতে প্রাণ হারানো ৩১ বছর বয়সী মামাদু এনদিয়ায়েকে সবশেষ শনাক্ত করে পুলিশ। এর আগে অন্য সাতজন নিহতের পরিচয়  জানানো হয়েছিল: মামাদু ব্যারি (২৩), হোসে লুইস কাগানা কসকুইলো (২৬), কেভিন সান্তিয়াগো রেইয়েস গনজালেজ (১০), জুয়ান ডানিয়েল সালভাদা গুজমান (৩১), নিকোল ডানিয়েলা সালভালা রদ্রিগেজ (৯), এডগার সাপন (২৬) এবং গ্যাব্রিয়েল সিগুয়েনসিয়া (২২)। 

উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন যে, ধ্বংসস্তূপের নিচে জীবিত উদ্ধারের মতো আর কেউ নেই। 

ভারী বৃষ্টিপাত ও ঝড়ের কারণে এই জটিল উদ্ধার অভিযান মারাত্মকভাবে ব্যাহত হয়।

এর আগের খবরে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ অ্যাভিনিউতে নির্মাণকাজ চলা একটি স্থানের পাশে থাকা তিনতলা ভবনটি হঠাৎ ধসে পড়ে। প্রাচীন এই ভবনটির একটি সম্পূর্ণ পাশ ভেঙে পড়ায় ১৭ জনের বেশি মানুষ আহত হন।

দুর্ঘটনার পরপরই শুরু হয় ব্যাপক উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা খুঁজে দেখতে আড়াইশ জনের বেশি উদ্ধারকর্মী ও জরুরি বিভাগের সদস্য ঘটনাস্থলে কাজ শুরু করেন। 

নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) কমিশনার লিলিয়ান বনসিগনোর এই উদ্ধার অভিযানকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জটিল বলে বর্ণনা করেন। 

তিনি জানান, ধসে পড়া ভবনের পাশাপাশি পাশের নির্মাণস্থল থেকেও কয়েকজন আটকা পড়েছিলেন।

ঘটনাস্থল পরিদর্শন করেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করায় সংশ্লিষ্টদের প্রশংসা করেন। 

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মামদানি জানান, জরুরি বিভাগের কর্মীরা এক মিনিটেরও কম সময়ে ঘটনাস্থলে পৌঁছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও টানা উদ্ধার কাজ চালিয়ে গেছেন। 

তবে পুরনো ভবনটি ঠিক কী কারণে হঠাৎ ধসে পড়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।