মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি ইরানের

দক্ষিণ ইরানে টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। খবর আল জাজিরা।  

আইআরজিসির দাবি, দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার প্রতিশোধ হিসেবেই বাহরাইনে মার্কিন রাডার স্থাপনাটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা সরকারি সূত্রের বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার হরমোজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের হামলা’ হয়েছে।

আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি এই হামলাকে ‘আগ্রাসী শত্রুর’ প্রতি গুরুতর সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে ধারাবাহিক বিমান হামলা ও তেল পাচারের অভিযোগ তুলে এসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের লঙ্ঘন ও আগ্রাসন আবার ঘটলে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স কোনো সীমাবদ্ধতা ছাড়াই অভিযান চালাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’

আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ফার্সের দাবি, সংস্থাটির অ্যারোস্পেস ফোর্স রাডার স্থাপনাটিতে হামলা চালিয়ে সেটি ধ্বংস করেছে।

তবে ইরানের এই দাবির বিষয়ে ওয়াশিংটন কিংবা মানামার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। রাজধানী মানামার নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি ঘাঁটিতে অবস্থিত এই সদর দপ্তর মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর সামরিক কার্যক্রম পরিচালনার প্রধান কেন্দ্র।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুর দিকেই ঘাঁটিটিতে হামলা হয়েছিল। আলজাজিরার বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রে ঘাঁটির বেশ কয়েকটি রাডার ডোমে সরাসরি হামলার চিহ্ন এবং বিভিন্ন ভবনের ক্ষয়ক্ষতি দেখা গেছে।

এদিকে ইরানে নতুন করে হামলা চালানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবেচনার মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে সেনাসদস্যের সংখ্যা কমিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি কয়েকটি দেশের কূটনৈতিক মিশন থেকে কিছু কর্মীকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সামরিক অভিযানের প্রস্তুতি ও সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে রাখতে নিয়মিতভাবেই বিভিন্ন স্থানে সেনাসদস্য ও সামরিক সরঞ্জাম স্থানান্তর করা হয়।