হুমকি-নিষেধাজ্ঞায় থামবে না ক্ষেপণাস্ত্র কর্মসূচি: ইরান

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো ধরনের হুমকি কিংবা নিষেধাজ্ঞা দিয়ে থামানো যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল আহমাদ ওয়াহিদি। খবর ইরানের মেহের নিউজ। 

তিনি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রতিষ্ঠাতা শহীদ হাসান তেহরানি মোগাদ্দামের দেখানো পথ রক্ত ও বিশ্বাসের শক্তিতে এগিয়ে চলেছে। কোনো হুমকি বা নিষেধাজ্ঞা এ অগ্রযাত্রা থামাতে পারবে না।

মহাকাশ ও ক্ষেপণাস্ত্র দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় ওয়াহিদি এসব কথা বলেন। তিনি বলেন, প্রতিবছর এ দিনটি ইসলামী ইরানের জন্য আকাশের পথ সুগম করে দেওয়া সেই ব্যক্তির স্মৃতি মনে করিয়ে দেয়।

আইআরজিসি প্রধান বলেন, তেহরানি মোগাদ্দাম সীমিত সামর্থ্য ও প্রায় শূন্য হাতে, কিন্তু সৃষ্টিকর্তার প্রতি গভীর আস্থা নিয়ে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র তৈরি করেছিলেন। তাঁর সেই মনোবল ও আদর্শ নিয়েই বর্তমান প্রজন্মের যোদ্ধারা পাহাড়ের গভীরে এবং ভূগর্ভস্থ স্থাপনায় দেশের সামরিক সক্ষমতা গড়ে তুলছেন।

তিনি বলেন, শত্রুদের বুঝতে হবে, শহীদ তেহরানি মোগাদ্দামের দেখানো পথ কোনো হুমকি কিংবা নিষেধাজ্ঞায় থামানো সম্ভব নয়। রক্ত ও বিশ্বাসের শক্তিতে এ পথ অব্যাহত থাকবে।

ইরানের আইআরজিসির মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনী নিয়ে গর্ব প্রকাশ করে ওয়াহিদি বলেন, শহীদ তেহরানি মোগাদ্দাম, শহীদ আমির আলী হাজিজাদেহ, শহীদ মাহমুদ বাঘেরি এবং অন্য সব শহীদের আত্মত্যাগের প্রতি তিনি শ্রদ্ধা জানাচ্ছেন। একই সঙ্গে তাঁদের আদর্শ ও পথ অনুসরণ করে এগিয়ে যাওয়ার জন্য বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত