যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবারও উৎপাদনে ফিরেছে রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৩টার দিকে কারখানাটিতে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিইউএফএলের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) উত্তম চৌধুরী।
এর আগে গত ১৭ অক্টোবর রাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। তার আগে দীর্ঘ ছয় মাস গ্যাস সংকটের কারণে সিইউএফএলের উৎপাদন বন্ধ ছিল। পরে গ্যাস সরবরাহ পেয়ে গত ১৫ সেপ্টেম্বর কারখানাটিতে উৎপাদন শুরু হয়। তবে চালুর ৪৮ ঘণ্টা না পেরোতেই যান্ত্রিক ত্রুটির কারণে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়। এর ১২ দিন পর ত্রুটি কাটিয়ে সেপ্টেম্বরের শেষের দিকে ফের উৎপাদনে গেলেও কিছুদিন পর যান্ত্রিক ত্রুটির কারণে পুনরায় বন্ধ হয়ে যায় কারখানাটি।
সিইউএফএল সূত্র জানায়,কারখানাটিতে সার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন তিন কোটি টাকার বেশি লোকসান হচ্ছে। কারখানাটি স্বাভাবিকভাবে চালু থাকলে প্রতিদিন প্রায় ৫০০ টন অ্যামোনিয়া ও ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে।
সূত্র আরও জানায়, প্রায় ৪০ বছরের পুরোনো কারখানাটিতে বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলেও অনেক সময় হঠাৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। একবার উৎপাদন বন্ধ হলে ত্রুটি শনাক্ত ও মেরামত করে পুনরায় উৎপাদনে ফিরতে দীর্ঘ সময় লেগে যায়। এ ছাড়া আগের তুলনায় বর্তমানে কারখানাটির উৎপাদন সক্ষমতাও কমে গেছে।
বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম সবুজ বলেন,কারিগরি ত্রুটি কাটিয়ে কারখানাটি চালু হওয়ায় কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মাঝে স্বস্তি ও উৎসাহ ফিরে এসেছে। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ পেলে কারখানাটি পুরোদমে চালু রাখা সম্ভব হবে।
সিইউএফএলের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক উত্তম চৌধুরী বলেন,‘কারখানাটি প্রায় ৪০ বছরের পুরোনো। কবে কখন বন্ধ হয়ে যাবে,তার নিশ্চয়তা নেই। কারখানাটিতে কিছু যান্ত্রিক সমস্যা রয়েছে। এগুলো ধাপে ধাপে সমাধানের চেষ্টা চলছে। ঠিকমতো উৎপাদন করতে পারলে চলতি অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে।’