রাঙ্গুনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম

রাঙ্গুনিয়ায় ফাতেমা জাহান মিতি (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাতের কোনো একসময় উপজেলার বেতাগী ইউনিয়নের পৈতৃক বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মিতি বেতাগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তিন সৌদিয়া এলাকার মো. হারুনের মেয়ে।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার রাতে খাবার খাওয়ার জন্য মিতির শয়নকক্ষে যান স্বজনেরা। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরে স্বজনেরা তাকে নামিয়ে স্থানীয় চিকিৎসককে খবর দেন। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনেরা জানান, মিতির স্বামী প্রবাসে থাকেন। এ কারণে তিনি দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে থাকতেন। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন।

রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যার কারণে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত