প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে প্যারাগুয়ের রাজধানীর একটি বাজারে ফলমূল ও রাসায়নিক পণ্যসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করেন মারিয়া মার্টিনেজ। তবে উয়েনো ব্যাংকের পতনের পর থেকে তার বিক্রি একেবারে তলানিতে নেমে এসেছে।
৫০ বছর বয়সী মার্টিনেজ উদ্বিগ্ন কণ্ঠে এএফপিকে বলেন, ‘মানুষ কেনাকাটা করতে আসছে না, কারণ তাদের হাতে টাকা নেই। সব টাকা শেষ হয়ে গেছে।’
গত ৩ নভেম্বর দেশটির অন্যতম বৃহৎ ব্যাংকটির পতন তার মতো সাধারণ ও স্বল্প আয়ের মানুষের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে বলে জানান তিনি।
প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের প্রধান বাজার ‘মেরকাদো ফোর’-এর বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে আছে শাকসবজি, মাংস ও বিভিন্ন ভেষজ পণ্যের ঘ্রাণ। খবর বাসস।
প্রচণ্ড গরমের দুপুরে সেলফোন থেকে শুরু করে খেলাধুলার পোশাক পর্যন্ত নানা পণ্য নিয়ে প্রায় তিন হাজার বিক্রেতা ক্রেতার অপেক্ষায় ছিলেন। কিন্তু বাজারে ক্রেতার উপস্থিতি ছিল একেবারেই নগণ্য।
মার্টিনেজ বলেন, অনেক ক্রেতাই এখন নিঃস্ব হয়ে পড়েছেন। বিপর্যয়ের পর অধিকাংশ পণ্যের দাম স্থিতিশীল থাকলেও কিছু পণ্যের দাম বেড়েছে।
প্যারাগুয়ের প্রাণকেন্দ্র অর্থাৎ আসুনসিওনে ছোট একটি আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছিল আর্থিক ঋণদাতা প্রতিষ্ঠান উয়েনো। দ্রুতই এটি বড় ব্যাংকে পরিণত হয়। দেশটির সরকারি পেনশন ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের হিসাব পরিচালনা করত প্রতিষ্ঠানটি।
দেউলিয়া হওয়ার আশঙ্কায় ব্যাংকটি নিয়ন্ত্রণে নেওয়ার ঘটনায় সাধারণত স্থিতিশীল প্যারাগুয়েতে অস্থিরতা তৈরি হয়েছে। এতে কয়েক হাজার গ্রাহক তাদের ব্যাংক হিসাবের অর্থ ব্যবহারের সুযোগ হারিয়েছেন। উয়েনোর পতনের পর ক্ষুব্ধ হাজারো আমানতকারী রাস্তায় নেমে আসেন। এর জেরে প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার অভিশংসন ও গ্রেপ্তারের ঘটনা ঘটে।
বুধবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানায়, ক্ষতিগ্রস্ত সব আমানতকারীর সঞ্চয়ের একটি অংশ ফেরত দেওয়া হয়েছে। তবে এতে মেরকাদো ফোরের ব্যবসায়ীদের দুর্দশা কমেনি।
১৯৯২ সাল থেকে বাজারের পণ্য কিনে আর্জেন্টিনা সীমান্তের একটি এলাকায় বিক্রি করেন লিওঙ্গিনো জনস।
তিনি বলেন, ‘আগে এখানে প্রচুর মানুষ আসত। এটি প্যারাগুয়ের প্রাণকেন্দ্র। অথচ এখন চারদিকে তাকিয়ে দেখুন- কোথাও কেউ নেই। বছরের শেষ সময় ঘনিয়ে আসছে। পরিস্থিতি আরও খারাপ হবে।’
তবে সম্প্রতি নগদ অর্থের কদর বাড়ছে। প্যারাগুয়ের সর্বাধিক আয় করা চলচ্চিত্র ‘৭ বক্সেস’ ২০১২ সালে নির্মিত হয়। এর শুটিং হয়েছিল মেরকাদো ফোরে। ছবিটিতে একজন তরুণ পণ্য সরবরাহকারীর গল্প তুলে ধরা হয়েছে। সেই সময়ের তুলনায় বাজারটির তেমন পরিবর্তন হয়নি। পণ্যভর্তি বাক্স নিয়ে ঠেলাগাড়িগুলো এখনো দোকানগুলোর মাঝ দিয়ে চলাচল করে
সময়ের সঙ্গে বদলেছে মানুষের কেনাকাটার অভ্যাসও। ডিজিটাল লেনদেনের প্রতি ব্যাপক ঝোঁক তৈরি হওয়ায় নগদ অর্থের ব্যবহার কমে গিয়েছিল।
মার্টিনেজের ভাষ্য, আগে মোট লেনদেনের ৭০ শতাংশই হতো উয়েনো ব্যাংকের মাধ্যমে অর্থ স্থানান্তরের মাধ্যমে।
প্যারাগুয়ের মানুষকে গত সপ্তাহে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে, তাতে এই দোকানি এখন ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অর্থ গ্রহণের চেয়ে ‘পণ্য বিক্রি না করাকেই ভালো মনে করছেন’।
উয়েনোর দাবি, তাদের গ্রাহকসংখ্যা ছিল ৩০ লাখের বেশি, যা দক্ষিণ আমেরিকার দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। ব্যাংকটির পতনের পর বাজারে নগদ টাকার লেনদেন আবার বেড়েছে।
পোশাক ও আনুষঙ্গিক পণ্যের বিক্রেতা রিটা গোমেজ এএফপিকে বলেন, ‘হঠাৎ করে কিছু নগদ টাকা বাজারে আসতে শুরু করেছে। কিন্তু সেগুলোর সবই ছিল ছেঁড়া।’ কাছের একটি দোকানে উয়েনোর পৃষ্ঠপোষকতায় তৈরি ফুটবল জার্সি বিক্রি হচ্ছে। ক্ষতিগ্রস্ত আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে সরকারের আশ্বাসও স্থবির হয়ে পড়া বাজারের ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফেরাতে পারেনি।
গোমেজ বলেন, ‘আমার ধারণা, যারা টাকা ফেরত পেয়েছেন, তাদের অনেকেই আগের বকেয়া বিল পরিশোধ করতে সেই টাকা খরচ করেছেন।’
উয়েনো ব্যাংক নিয়ন্ত্রণে নেওয়ার পর প্যারাগুয়েজুড়ে ভোক্তাদের ব্যয় কমে গেছে।
শিল্প খাতের তথ্যানুযায়ী, আমদানিনির্ভর পণ্য বিক্রি করা দোকানগুলোতে বিক্রি ৭০ শতাংশ পর্যন্ত কমেছে। সুপারমার্কেটগুলোতে প্রাথমিকভাবে বিক্রি কমেছে ৮ থেকে ১০ শতাংশ।
আর্থিক বিশ্লেষক আমিলকার ফেরেইরা এএফপিকে বলেন, অনিশ্চয়তার কারণে মানুষ অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলছেন। জীবিকা নির্বাহের চেষ্টা করা মানুষের মধ্যে এ পরিস্থিতি ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।