ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক 

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রায় ১০টি ছোট-বড় গাড়ি একে অপরের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত শতাধিক যাত্রী আহত হন। 

শুক্রবার (১৩ নভেম্বর) ছুটির দিনে সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে একটি প্রাইভেটকার ও দূরপাল্লার যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এর রেশ কাটতে না কাটতে পেছন থেকে আসা একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা খায়।
 
এর কিছুক্ষণের মধ্যে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক এবং দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক এই ধারাবাহিক সংঘর্ষের কবলে পড়ে। একসঙ্গে এতগুলো গাড়ি দুমড়ে-মুচড়ে যাওয়ায় মহাসড়কে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর জেরে ঢাকা-বরিশাল মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে সড়কের উভয় পাশে শত শত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে মারাত্মকভাবে জখম হওয়া ২০ থেকে ২৫ জনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
 
অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পুলিশের তৎপরতায় প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

এদিকে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে নিজের নির্বাচনী এলাকার উদ্দেশে যাওয়ার সময় মুকসুদপুরে প্রবেশের মুহূর্তে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়িবহর। বহরে থাকা দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও এমপি সেলিমুজ্জামান সেলিম অক্ষত ও সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
 
তবে এই আকস্মিক দুর্ঘটনায় রাঘদী ইউনিয়ন বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
 
ব্যস্ততম এই মহাসড়কে কীভাবে এতগুলো গাড়ির এই ধারাবাহিক সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।