নোয়াখালীর সুবর্ণচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজার ব্রিজসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিক্ষার্থী একই ইউনিয়নের চরহাসান ভূঁইয়ার হাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তারা পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়দের ধারণা, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের তীব্রতার কারণেই দুর্ঘটনাটি এতটা ভয়াবহ হয়েছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া ও সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ হস্তান্তর করা হবে।