সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের আগে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। আগামীকাল শনিবার রাতে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে প্রথাগত স্নায়ুযুদ্ধের আবহ তৈরি করে দিলেন পাকিস্তানের গোলরক্ষক ও অধিনায়ক ইউসুফ বাট।
টুর্নামেন্টের অন্যতম বড় তারকা হামজা চৌধুরীকে নিয়ে চারপাশ জুড়ে যত আলোচনাই হোক না কেন, তা পাত্তাই দিচ্ছেন না তিনি। উল্টো বন্ধু জামাল ভূঁইয়ার বিপক্ষে মাঠে নামার রোমাঞ্চ আর নিজেদের দলীয় শক্তির ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে প্রতিপক্ষকে একরকম বার্তা দিয়ে রাখলেন পাকিস্তানি এই অভিজ্ঞ কিপার।
এবিজি স্পোর্টস সিটিতে আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইউসুফ বাট স্পষ্ট জানিয়ে দেন যে বাংলাদেশের মিডফিল্ড সেনসেশন হামজাকে নিয়ে তাদের মনে বিন্দুমাত্র বাড়তি চিন্তা নেই। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে যিনি আলো কেড়ে নিয়েছেন, তাঁকে নিয়ে ইউসুফের দ্ব্যর্থহীন মন্তব্য, ফুটবল কোনো একক ব্যক্তির খেলা নয়, বরং এটি দলগত লড়াই।
হামজাকে নিয়ে প্রশ্নের জবাবে নিজের দলের তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের কথা টেনে এনে পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বলেন, ‘হামজা চৌধুরীকে নিয়ে অনেক কথা হয়। কিন্তু আমাদের দলেও ভালো খেলোয়াড় আছে। আবদুল্লাহ ইকবাল, সুনাইমান, আদিল নবী ও আবদুল আরশাদের নাম উল্লেখ করতে পারি। আমি নিশ্চিত করে বলতে পারি, আমাদেরও ভালো খেলোয়াড় আছে। সবকিছু দল নিয়ে, কোনো ব্যক্তিগত খেলোয়াড়কে নিয়ে নয়। আমরা সম্মিলিতভাবে মাঠে নিজেদের সেরাটা দিতে চাই।’
হামজাকে নিয়ে নির্ভার থাকলেও ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে বাংলাদেশের সাবেক অধিনায়ক জামালের মুখোমুখি হওয়ার বিষয়টি নিয়ে বেশ আগ্রহী ইউসুফ। জামালকে তার ভালো বন্ধু আখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘আমি হামজাকে নিয়ে ভাবছি না। আমি ভাবছি, আমার ভালো বন্ধু জামাল ভূঁইয়ার সঙ্গে খেলার কথা।’
২০১৮ সালের সাফের স্মৃতিচারণ করে ইউসুফ স্বীকার করেন যে ঘরের মাঠে হাজার হাজার দর্শকের তৈরি করা চাপ সফরকারী দলের জন্য সবসময়ই কঠিন পরীক্ষা। তবে এবার বড় স্বস্তির জায়গা হিসেবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির কথা উল্লেখ করেন তিনি। ‘স্বাগতিক দল যখন নিজেদের মাঠে খেলে, তখন দর্শকদের কারণে অনেক চাপ তৈরি হয়। ভিএআর থাকায় আমি খুশি। এটি আমাদের জন্য বড় সহায়তা হবে।’
দীর্ঘ ২৩ বছর পর দেশের মাটিতে সাফ শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে বাংলাদেশ, অন্যদিকে পাকিস্তানের দীর্ঘদিনের আক্ষেপ ঘোচানোর মঞ্চ এটি। ভারতের বিপক্ষে আগের ম্যাচের হতাশা ভুলে ফাইনালে ওঠার লক্ষ্য ঠিক করেছে পাকিস্তান। শুধু তাই নয়, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হওয়ার সুপ্ত বাসনার কথাও লুকোননি পাকিস্তানি অধিনায়ক। তবে আপাতত সব হিসাব-নিকাশ পাশে রেখে সেমিতে বাংলাদেশের বিপক্ষে সর্বশক্তি নিয়ে লড়তে প্রস্তুত ইউসুফ বাট ও তার দল।