তিনটি প্রধান লক্ষ্য নিয়ে ২০৩০ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনি 

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০২:২০ পিএম

ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দেওয়া কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ের রূপকথাটাকে ২০৩০ সাল পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। গত জুলাইয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি করেছিলেন সফলতম কোচ লিওনেল স্কালোনি। 

তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আলবিসেলেস্তেদের ডাগআউটে থাকার দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করেছেন তিনি। এর মধ্য দিয়ে প্রথম কোচ হিসেবে আর্জেন্টিনার হয়ে টানা তিনটি বিশ্বকাপে দল পরিচালনার অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে গেলেন ৪৮ বছর বয়সী এই মাস্টারমাইন্ড।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এএফএ সভাপতি ক্লাউদিও তাপিয়া আনুষ্ঠানিকভাবে স্কালোনির এই চুক্তি নবায়নের ঘোষণা দেন। সমর্থকদের মাঝে আনন্দের জোয়ার বইয়ে দিয়ে তাপিয়া বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার জাতীয় দলের দায়িত্বে ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত সময়ের জন্য 'গ্রিঙ্গো' লিওনেল স্কালোনি এবং তাঁর কোচিং স্টাফের চুক্তি নবায়নের ঘোষণা দিচ্ছি। এএফএ নির্বাহী কমিটি এবং সমস্ত আর্জেন্টাইনদের জন্য এটি অত্যন্ত আনন্দের একটি মুহূর্ত। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা। প্রথম আট বছর এবং এই অতিরিক্ত চার বছরের মেয়াদে তিনি এই অ্যাসোসিয়েশনের ইতিহাসে সবচেয়ে বেশি বিশ্বকাপ পরিচালনা করা কোচ হবেন। তিনটি আসরে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব থাকবে তাঁর কাঁধে।’ 

ব্যক্তিগত জীবনে সম্প্রতি মা হারানোর শোক সয়েও জাতীয় দলের প্রতি নিজের ভালোবাসার কথা স্পষ্ট করেছেন স্কালোনি। ডাগআউটে আরও দীর্ঘ সময় থাকার স্বস্তি প্রকাশ করে তিনি জানান, ‘আমি সভাপতি এবং এএফএ-র সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই এই বিষয়টি বাস্তবায়নে তাদের প্রচেষ্টার জন্য। আমি আনন্দিত। যদিও বর্তমানে ব্যক্তিগতভাবে আমার সময়গুলো বেশ কঠিন কাটছে, তবুও এটি আমাকে এক ধরনের তৃপ্তি দিচ্ছে। আমরা সবাই এটাই চেয়েছিলাম। প্রথম দিনে আমরা ঠিক যেখানে ছিলাম, আজও ঠিক সেখানেই আছি, একই উদ্দীপনা এবং আগের মতো একই তাড়না নিয়ে। তা না হলে এখানে থাকা কোনোভাবেই সম্ভব হতো না।’

কোচিং স্টাফে পরিবর্তন এবং ওয়াল্টার স্যামুয়েলের বিদায়

স্কালোনির এই নতুন চুক্তির খবরের সাথে সাথেই আর্জেন্টাইন শিবিরে এসেছে একটি বড় ধাক্কা। ২০১৮ সাল থেকে স্কালোনির বিশ্বস্ত সহকারীর দায়িত্বে থাকা সাবেক তারকা ডিফেন্ডার ওয়াল্টার স্যামুয়েল জাতীয় দলের ডাগআউট ছাড়ছেন। ফিফা উইন্ডোর এই দুটি ম্যাচই আলবিসেলেস্তেদের সাথে তাঁর কোচিং ক্যারিয়ারের শেষ অধ্যায়, এরপর তিনি এককভাবে প্রধান কোচ হিসেবে নিজের নতুন পথচলা শুরু করবেন।

স্যামুয়েলের এই বিদায় নিয়ে আবেগপ্রবণ হয়ে স্কালোনি বলেন, ‘ওয়াল্টার স্যামুয়েল, যেমনটি আমি আগেই ঘোষণা করেছি, নিজের একক কোচিং ক্যারিয়ার শুরু করতে চলেছেন। একজন বন্ধুর প্রতি আমার অন্তহীন কৃতজ্ঞতা; তাঁর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি কারণ তিনি আমাদের কোচিং স্টাফের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ ছিলেন এবং নিজের যাত্রা শুরু করার অধিকার তাঁর রয়েছে। এই দুটি ম্যাচের জন্য তিনি আমাদের সাথেই থাকবেন এবং তিনি আমাদের যা দিয়েছেন, তার প্রতিদান দিতে আমরা নিজেদের সেরাটা দেবো। ধন্যবাদ, ক্যাবেজন।’ 

সাবেক সহকারী স্যামুয়েলের সঙ্গে ডাগআউটে স্কালোনি, ছবি: সংগৃহীত

স্যামুয়েলের বিদায়ের পর আপাতত কোচিং স্টাফে নতুন কাউকে যুক্ত করার পরিকল্পনা নেই স্কালোনির। দলের রক্ষণভাগ সামলানো এবং সেট-পিস নিয়ে নিখুঁত কাজ করার কারিগর স্যামুয়েলের শূন্যতা নিয়ে স্কালোনি আরও যোগ করেন, ‘নীতিগতভাবে আমরা কোচিং স্টাফে নতুন কাউকে যুক্ত করছি না। আমরা বিশ্বাস করি যেভাবে আছি এভাবেই চালিয়ে যেতে পারব এবং সেটাই আমরা করার চেষ্টা করব। আমরা যেমন আছি তেমনই থাকছি। তাছাড়া আমাদের যুব দলগুলোতেও এমন কিছু মানুষ আছে যারা ভবিষ্যতে হাত বাড়িয়ে সাহায্য করতে পারে, তবে আপাতত আমরা বর্তমান বহর নিয়েই এগোচ্ছি।’ 

মেসি-পরবর্তী যুগে স্কালোনির তিন প্রধান লক্ষ্য

লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া ও নিকোলাস ওতামেন্দির বর্ণাঢ্য অধ্যায় শেষ হওয়ার পর আর্জেন্টিনার ফুটবলে এখন রূপান্তরকাল চলছে। ২০৩০ সালের বিশ্বকাপকে সামনে রেখে স্কালোনি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা সাজিয়েছেন তিনটি ধাপে, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য।

স্কালোনির এই নতুন রূপান্তরের মূল ভিত্তি হলো তরুণ প্রতিভাদের মূল দলে সুযোগ দেওয়া। এ নিয়ে স্কালোনি বলেন, ‘আমাদের প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ এখন শুরু হতে চলেছে; আমরা সেই তরুণদের সুযোগ দেব যারা পাইপলাইন বেয়ে উঠে আসছে। এই তরুণ খেলোয়াড়দের সবার বোঝাপড়া এবং সহানুভূতি প্রয়োজন। তাদের সম্ভাবনা বিশাল, তবে হয়তো তারা এখনও মেসি, আনহেল ডি মারিয়া বা নিকোলাস ওতামেন্ডিরা যা দিয়ে গেছে, সে পর্যায়ে ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত নয়।’ 

উরুগুয়ে ম্যাচ সামনে রেখে অনুশীলনে প্রেস্তিয়ানি-পাজরা, ছবি: সংগৃহীত

নতুন স্কোয়াডে রোমান ভেগা, অ্যারন আনসেলমিনো, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, জানলুকা প্রেস্তিয়ানি ও মাতিয়াস সুলের মতো তরুণদের ওপর ভরসা রেখেই নিজের স্বল্পমেয়াদী লক্ষ্য স্থির করেছেন স্কালোনি, যা হলো দলের নবীনীকরণ প্রক্রিয়াকে আরও এগিয়ে নেওয়া। কাতার বিশ্বকাপ জয়ের আগে থেকেই তরুণদের সুযোগ দেওয়ার যে ধারা তিনি শুরু করেছিলেন, যার ফসল হিসেবে দল পেয়েছিল এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো কিংবা হুলিয়ান আলভারেজদের মতো তারকাদের, ঠিক সেই নীতিতেই অটল থেকে ভবিষ্যতের ভিত্তি গড়তে চান তিনি।

স্বল্পমেয়াদী এই ভিত গড়ার পাশাপাশি স্কালোনির মধ্যমেয়াদী লক্ষ্য হলো মহাদেশীয় ফুটবলে আর্জেন্টিনার একচ্ছত্র আধিপত্য ধরে রাখা। ২০২১ ও ২০২৪ সালে টানা দুবার শিরোপা জয়ের পর এবার ২০২৮ সালের কোপা আমেরিকা জিতে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা তিনটি শিরোপা জেতার অনন্য হ্যাটট্রিক রেকর্ড গড়ার হাতছানি রয়েছে তাঁর সামনে। 

আর কোচের চূড়ান্ত বা দীর্ঘমেয়াদী লক্ষ্য হলো বিশ্বমঞ্চে শিরোপার লড়াইয়ে টিকে থাকা। গত দুটি বিশ্বকাপে ফাইনাল খেলার অভিজ্ঞতাকে পুঁজি করে ২০৩০ সালের শতবর্ষী বিশ্বকাপের ফাইনালে পৌঁছানো এবং আরেকটি সোনালি ট্রফি ঘরে তোলাই এখন আলবিসেলেস্তেদের মাস্টারমাইন্ডের মূল মিশন।

সর্বশেষ সর্বাধিক পঠিত