শরীয়তপুরের ভেদরগঞ্জে ফেরির সঙ্গে বালুভর্তি বাল্কহেডের সংঘর্ষে তরিকুল ইসলাম নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শরীয়তপুর-চাঁদপুর নৌপথে বেড়াচাক্কি এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু।
নিহত শিশু তরিকুল ইসলাম (১১) শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বাসিন্দা ও মাদ্রাসার শিক্ষার্থী। বাসের যাত্রী তরিকুল পরিবারের সঙ্গে চাঁদপুর থেকে গ্রামের বাড়ি ফিরছিল।
নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন জানায়, সকাল ৯টায় চাঁদপুরের হরিণা ঘাট থেকে কাকলি নামের ফেরিটি শরীয়তপুরের নরসিংহপুর ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। ফেরিটি ভেদরগঞ্জ উপজেলার বেড়াচাক্কি এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা বালুভর্তি একটি বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে ফেরিতে থাকা একটি বাসের একাংশ ক্ষতিগ্রস্ত হয়ে তিন শিশু চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়। আহত দুই শিশুকে দ্রুত চাঁদপুরে পাঠানো হয়েছে।
চাঁদপুর আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরুল আলম বলেন, বাল্কহেডটি জব্দ করা হয়েছে। এছাড়া দুই শ্রমিকসহ ফেরির চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এবিষয়ে তদন্ত করে মামলা নেওয়া হবে বলে জানান তিনি।