বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেলচালক বাবার, আহত মেয়ে

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম

সন্তানকে স্কুল থেকে নিয়ে বাজারের কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আরিফুল হোসেন আরিফ (৪০)। কিন্তু বাড়ি ফেরা হলো না তার। নীলফামারীর সৈয়দপুর বাইপাস মহাসড়কের ওয়াপদা গোলচত্বরে বিপরীত দিক থেকে আসা একটি বাসের ধাক্কায় প্রাণ হারান তিনি।

এ সময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা তার ১১ বছর বয়সী মেয়ে সুপ্তি আক্তার গুরুতর আহত হয়। দুর্ঘটনাস্থলের পাশে পড়ে ছিল বাবার রক্তে ভেজা শিশুটির স্কুলব্যাগ ও বই।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনার প্রতিবাদে বাসচালকের বিচারের দাবিতে নিহতের মরদেহ নিয়ে সড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন। এতে পাঁচটি গুরুত্বপূর্ণ সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে বাস, চালক ও সহকারীকে আটক করার খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে অবরোধ তুলে নেন তারা।

নিহত আরিফুল হোসেন আরিফ সৈয়দপুর শহরের ওয়াপদা নতুনহাট দোলাপাড়া এলাকার মুকুল হোসেনের ছেলে। তিনি ঢেলাপীর বাজারের সার ব্যবসায়ী ছিলেন। আহত সুপ্তি আক্তার সৈয়দপুর শহরের গোলাহাট এলাকার নতুন কুঁড়ি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার মা রুমানা আক্তার ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য, মেয়েকে স্কুল থেকে নিয়ে বাজারের কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আরিফ। পথে ওয়াপদা গোলচত্বর এলাকায় তার স্ত্রী রুমানা আক্তার অপেক্ষা করছিলেন। তাকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার কথা ছিল। গোলচত্বর পার হওয়ার সময় দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে আরিফের মাথা থেঁতলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত হয় মেয়ে সুপ্তি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম বলেন, রংপুর থেকে ছেড়ে আসা সৌদিয়া ইন্টারপ্রাইজের গেটলক মিনিবাসটি সড়কে দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসকে ওভারটেক করে বিপরীত লেন দিয়ে দিনাজপুরের দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী নিহত হন এবং তার মেয়ে আহত হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটিকে প্রায় ৫০০ গজ টেনে নিয়ে যায়। পরে গোলাহাট রেলক্রসিংয়ের কাছে মোটরসাইকেলটি ফেলে রেখে বাসটি চলে যায়।

এদিকে আরিফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। তারা বাসচালকের বিচার, দুর্ঘটনা প্রতিরোধে অযাচিত ব্যানার ও পোস্টার অপসারণ এবং পুলিশ বক্স স্থাপনসহ বিভিন্ন দাবি জানান। নিহতের মরদেহ নিয়েও তারা মহাসড়কে অবস্থান করেন।

অবরোধের কারণে সৈয়দপুর থেকে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী ও ঠাকুরগাঁওগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা দুর্ভোগে পড়েন।

ঠাকুরগাঁও থেকে রংপুরগামী যাত্রী একরামুল হক বলেন, একজন মানুষের এমন মর্মান্তিক মৃত্যু সত্যিই কষ্টের। বিশেষ করে ছোট্ট শিশুটি বাবাকে হারিয়েছে, যা মেনে নেওয়া কঠিন। ঘটনার সুষ্ঠু বিচার হওয়া উচিত। তবে সড়ক অবরোধের কারণে সাধারণ যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হয়েছে।

দিনাজপুরগামী যাত্রী নজরুল ইসলাম বলেন, জরুরি কাজে বের হয়ে সড়কে আটকে পড়েছেন। দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের কষ্ট তারা বুঝতে পারছেন। ঘটনার সুষ্ঠু বিচার চান তারাও। তবে আলোচনার মাধ্যমে দ্রুত এমন পরিস্থিতির সমাধান করা প্রয়োজন।

আরেক যাত্রী ইব্রাহিম শেখ বলেন, সৈয়দপুর-দিনাজপুর ও সৈয়দপুর-রংপুর মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বাসচালকদের বেপরোয়া ওভারটেকিংয়ে যাত্রীদের জীবনও ঝুঁকিতে পড়ছে। এ ঘটনায় বাসচালকের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

রংপুর থেকে পঞ্চগড়গামী যাত্রী তানজিলা ফারজানা বলেন, একটি দুর্ঘটনায় একটি পরিবার তছনছ হয়ে গেল। শিশুটি বাবাকে হারিয়েছে, পরিবার হারিয়েছে উপার্জনক্ষম একজন মানুষকে। সড়কে বেপরোয়া যান চলাচল বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এ কে এম ওহিদুন্নবী, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, খবর পেয়ে তারা দশমাইল হাইওয়ে থানাকে বিষয়টি জানান। পরে হাইওয়ে পুলিশ চালকসহ বাসটি আটক করে। অবরোধকারীদের সঙ্গে আলোচনার পর বিকেল পাঁচটার দিকে স্থানীয় লোকজন অবরোধ তুলে নেন। এরপর সৈয়দপুর থেকে বিভিন্ন গন্তব্যের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


- 

সর্বশেষ সর্বাধিক পঠিত