রাশিয়ার ভলগোগ্রাদে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৪

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ভলগোগ্রাদের একটি শিল্পাঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (১৩ নভেম্বর) আঞ্চলিক গভর্নর আন্দ্রেই বোচারভ এ তথ্য জানিয়েছেন। শহরটিতে এখন পর্যন্ত এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে জানা গেছে। খবর রয়টার্সের। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্টালিনগ্রাদ নামে পরিচিত ছিল ভলগোগ্রাদ। শহরটিতে রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধনাগার পরিচালনা করে দেশটির জ্বালানি প্রতিষ্ঠান লুকঅয়েল। এ ছাড়া সেখানে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্পকারখানা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শোধনাগারটিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এর আগেও গত ২৯ মে, ৩১ জুলাই এবং গত মাসে শোধনাগারটিতে হামলার ঘটনা ঘটেছিল।

এদিকে, রাতভর বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তবে এবারের হামলায় তেল শোধনাগারটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে রুশ কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এ বিষয়ে মন্তব্য জানতে লুকঅয়েলের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটি কোনো সাড়া দেয়নি।

গত অক্টোবরের শেষ দিক থেকে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত জ্বালানি খাতকেন্দ্রিক যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার পর এসব হামলা আরও জোরদার হয়।