কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ফসলি জমির উৎপাদন বাড়ানোর লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে কৃষকদের জন্য লাভজনক একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। দেশব্যাপী এসব প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জের দাড়ারহাট এলাকায় তেলীপাড়া হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের ৮ দশমিক ৯৩০ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ এবং ৮৪টি আউটলেট ও পাম্পহাউজ পুনর্বাসন কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের উদদ্দেশে কিনি এসব কথা বলেন।

ফসল উৎপাদনে অন্যান্য সহযোগিতা কথা উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ফসলি জমির উৎপাদন বাড়ানোই সরকারের অন্যতম লক্ষ্য। এ ছাড়া কৃষকদের সেচ সুবিধা সম্প্রসারণ, ফসলি জমির উৎপাদন বৃদ্ধি এবং কৃষিকে লাভজনক করতে দেশব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার।

প্রতিমন্ত্রী বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়সহ স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

এসময় তিনি উদ্বোধন করা প্রকল্পের কাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার সেচ অবকাঠামোর উন্নয়ন এবং কৃষিকাজে পানির প্রাপ্যতা বাড়াতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হালকা সেচ (ইলেকট্রিক ব্লক ৩) উপ প্রকল্পের প্রকল্প পরিচালক পীষুয কৃঞ্চ কুন্ড, পঞ্চগড়ের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, উপ-প্রধান সম্প্রসারন অফিসার রফিউল বারী, উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তবারক হোসেন হ্যাপি।

পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পানি উন্নয়ন বোর্ড পঞ্চগড়ের বাস্তবায়নে ৮ দশমিক ৯৩০ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরন, ৮৪ আউটলেট ও পাম্প হাউজ পুনবার্সন কাজে ব্যয় হবে ১৯ কোটি ১৪ লাখ ৫৩ হাজার টাকা। এ প্রকল্পে উপজেলার দণ্ডপাল, দেবীডুবা ও সুন্দরদিঘী ইউনিয়নের ৭ হাজারের অধিক সুবিধাভোগীরা এ সুবিধা পাবেন। প্রকল্পতে দীর্ঘ ক্যানেলে বাঁধ পুনরাকৃতিকরণ, সিসি ক্যানেল লাইনিং কাজ, পাম্প হাউজ পুনর্বাসন, আউটলেট পুর্নবাসন, কালভার্ট নির্মাণ, এ্যাকুইডাক্ট নির্মাণ, মোটর ও পাম্প স্থাপন করা হবে।