চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পানির পাম্প চুরিতে বাধা দেওয়ায় বিন্দুমতি রানী নামের ৭৫ বছরের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মানিক নামের এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এই বিষয়ে নিশ্চিত করেন।

এ ঘটনায় থানায় মামলা হলে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাকচর মোড় এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মানিককে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মানিক (২০) ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার চাপাতি গ্রামের বধুসরেনের ছেলে।

মামলার এজাহার বলা হয়, বিন্দুমতি রানী তার ছোট ছেলের বাড়িতে বসবাস করতেন। ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাদী মিনত সরকার ও তার ছোট ভাই স্থানীয় বৈরাগী বাজারে যান। রাত আনুমানিক ১২টার দিকে বাড়িতে ফিরে তারা জানতে পারেন, বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির লোকজন টিউবওয়েলের কাছে বিন্দুমতি রানীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে স্তানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে মিনত সরকার বাদী হয়ে ৩০ সেপ্টেম্বর রুহিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর থেকে আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নান্দাইল থানার বাকচর মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় হত্যা মামলার প্রধান আসামি মানিককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর মানিককে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।