সেতুর অভাবে ৮ গ্রামের ৩৫ হাজার মানুষের দুর্ভোগ

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম

একটি সেতুর অভাবে বছরের পর বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে টাঙ্গন নদী পারাপার হচ্ছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আট গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষ। বর্ষায় কলাগাছের ভেলা আর শুকনো মৌসুমে নড়বড়ে বাঁশের সাঁকোই তাদের একমাত্র ভরসা। এতে শিশু, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে হচ্ছে। স্বাধীনতার পর থেকে এ দুর্ভোগ চললেও এখনো নির্মিত হয়নি কোনো সেতু।

টাঙ্গন নদী পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ, খনগাঁও ও সৈয়দপুর ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করেছে। নদীর পূর্ব পাশের বাসিন্দাদের উপজেলা সদর এবং কোষারানীগঞ্জ ও খনগাঁও ইউনিয়ন পরিষদে যেতে নদী পার হতে হয়। যোগাযোগব্যবস্থার উন্নয়নে এরই মধ্যে নদীর ওপর দুটি সেতু নির্মাণ করা হয়েছে। এতে সৈয়দপুর ও কোষারানীগঞ্জ ইউনিয়নের মানুষ উপকৃত হলেও ঘিডোব ঘাটে সেতু না থাকায় বিপাকে রয়েছেন পূর্ব পাড়ের ঘিডোব, হাবীবপুর, অতরগাঁওসহ আট গ্রামের বাসিন্দারা।

স্থানীয়রা প্রতি বছর শুকনো মৌসুমে নিজেদের উদ্যোগে বাঁশ সংগ্রহ করে সাঁকো তৈরি করেন। কিন্তু বছর ঘুরতেই সেটি নড়বড়ে হয়ে পড়ে। অন্যদিকে বর্ষায় নদীতে পানি বাড়লে সাঁকো দিয়ে চলাচল কঠিন হয়ে যায়। তখন কলাগাছের ভেলায় নদী পার হতে হয়। জীবিকার প্রয়োজনে প্রতিদিন শত শত নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুকে এ ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে হচ্ছে।

বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। পাশাপাশি ভেলা দিয়ে নদী পারাপারে দুর্ঘটনার আশঙ্কাও থাকে।

সেতুর অভাবে শুধু মানুষের চলাচলই নয়, ব্যাহত হচ্ছে এলাকার কৃষি ও ব্যবসা-বাণিজ্যও। স্থানীয় কৃষকদের উৎপাদিত ধান, চাল, পাট, ভুট্টা, গম, আদা, মরিচ, পেঁয়াজ ও রসুনসহ বিভিন্ন কৃষিপণ্য পীরগঞ্জ বাজারে নিতে চরম ভোগান্তিতে পড়তে হয়। ঝুঁকি নিয়ে সাঁকো পার হতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হন কৃষক ও সাধারণ মানুষ। ভারী মালামাল নিয়ে নদী পারাপার আরও কঠিন। ফলে প্রায় ৯ কিলোমিটার ঘুরে বাজারে যেতে হয় তাঁদের। এতে কৃষিপণ্য বাজারজাত করতে সময় ও খরচ-দুটিই বাড়ছে।

ঘিডোব গ্রামের অনিল চন্দ্র জানান, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের কাছে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তাঁরা। তবে আশ্বাস ছাড়া কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। সেখানে একটি স্থায়ী সেতু নির্মিত হলে পীরগঞ্জ উপজেলা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ সহজ হবে। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক পরিবর্তন আসবে।

বিএনপি নেতা নুরুজ্জামান জানান, ঘিডোব এলাকায় একটি সেতু নির্মাণ এখন জরুরি হয়ে পড়েছে। আট গ্রামের মানুষ চরম দুর্ভোগে রয়েছেন।

উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম জানান, সেখানে সম্ভাব্যতা যাচাই করে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জানান, টাঙ্গন নদীতে এরই মধ্যে দুটি সেতু নির্মাণ করা হয়েছে। ঘিডোব ঘাটেও সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে ডিও দেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত