আহরার-ইয়াসিনের নৈপূণ্যে 'প্রথম' শিরোপা ঢাকার

প্রথম দিনেই বল হাতে খুলনার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়ে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন ইয়াসিন হোসেন। এরপর অধিনায়ক আহরার আমিনের দুর্দান্ত সেঞ্চুরি এবং বোলারদের সম্মিলিত দাপটে খুলনাকে ইনিংস ও ৩৫ রানে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দ্বিতীয় একাদশের উদ্বোধনী আসরের চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা দ্বিতীয় একাদশ।

শুক্রবার পূর্বাচলের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে দাপুটে এই জয় তুলে নেয় ঢাকা।

ম্যাচের প্রথম দিনেই ইয়াসিনের বোলিং তোপে পড়ে মাত্র ১৩৭ রানে গুটিয়ে যায় খুলনার প্রথম ইনিংস; ইয়াসিন ৪৭ রানে শিকার করেন ৫ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ঢাকা এবং দ্বিতীয় দিন শেষেই ১২২ রানে এগিয়ে থাকে। সেদিন ১৩১ রানে অপরাজিত থাকা ঢাকা অধিনায়ক আহরার তৃতীয় দিনে নিজের ইনিংসটিকে ১৫৯ রান পর্যন্ত টেনে নিয়ে দলকে চালকের আসনে বসান। ৮ উইকেটে ৩২৪ রান তুলে ঢাকা প্রথম ইনিংস ঘোষণা করলে ইনিংস হার এড়ানোর বড় চ্যালেঞ্জ দাঁড়ায় খুলনার সামনে। 

শুক্রবার সেই লক্ষ্যে খেলতে নেমে  দ্বিতীয় ইনিংসেও খুব একটা প্রতিরোধ গড়তে পারেনি খুলনা। জাওয়াদ রোয়েন একাই লড়াই করে ৭৬ রান করলেও দলের হার এড়াতে তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১৫২ রানে অলআউট হয় খুলনা। ঢাকার পক্ষে ইয়াসিন ৪৭ রানে ৩ উইকেট নেন। এছাড়া অধিনায়ক আহরার ২৫ রানে এবং সিয়াম ১৯ রানে ৩টি করে উইকেট শিকার করে দলের জয় নিশ্চিত করেন।

অলরাউন্ড নৈপুণ্যের জন্য ফাইনালের সেরা খেলোয়াড় (প্লেয়ার অব দ্য ফাইনাল) নির্বাচিত হয়ে ১০ হাজার টাকা পুরস্কার পান আহরার আমিন। পুরো টুর্নামেন্টে অসাধারণ বোলিং করে ৪৭ উইকেট শিকারের সুবাদে টুর্নামেন্টের সেরা বোলার ও টুর্নামেন্ট সেরা (প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট)—দুটি পুরস্কারই জিতে নেন ঢাকার ইয়াসিন হোসেন; এর ফলে তিনি পান সর্বমোট ৭০ হাজার টাকা অর্থ পুরস্কার। এছাড়া আসরে সর্বোচ্চ ৬০২ রান করে সেরা ব্যাটার নির্বাচিত হয়ে ২০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন চট্টগ্রামের ইরফান সাবরি তাকরির।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল হিসেবে ঢাকা ট্রফির পাশাপাশি পেয়েছে ৩ লাখ টাকা প্রাইজমানি এবং রানার্সআপ খুলনা পেয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা।