প্রথম ইনিংসে প্রথম বলেই আউট হয়ে যাওয়া জাওয়াদ আবরার দ্বিতীয় ইনিংসে করলেন সেঞ্চুরি।
চট্টগ্রামে জাতীয় ক্রিকেট লিগে ময়মনসিংহের বিপক্ষে ম্যাচের চতুর্থ দিনে ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দল থেকে উঠে আসা এই অলরাউন্ডার।
এবারই প্রথম ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছেন জাওয়াদ। রাজশাহীর বিপক্ষে ম্যাচে সেঞ্চুরির কাছাকাছি পৌছেও তিন অংকের স্বাদ নিতে পারেননি বরিশালের এই ক্রিকেটার। আউট হয়েছিলেন ৯১ রানে।
রবিবার ময়মনসিংহের বিপক্ষে ব্যাট করতে নেমে আবু হায়দার রনির প্রথম বল খেলতে গিয়েই আউট হয়ে যান তিনি। ফলোঅন করে দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নেমে দারুণ দৃড়তা দেখান জাওয়াদ। গতকালের ৮৩ রান নিয়ে আজ সকালে খেলতে নেমে সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ২৪৪ বলে ৬ বাউন্ডারি ও চার ছক্কায় ১০৮ রান করেছেন।