কমিটি নিয়ে আখাউড়া ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় বিএনপির কার্যালয়সহ চারটি দোকান ভাঙচুর করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর এলাকার সড়ক বাজারে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১২ জন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নতুন কমিটির পক্ষে এক দল আনন্দ মিছিল বের করে। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে পৌঁছালে কমিটি বাতিলের দাবিতে অবস্থান নেওয়া অপরপক্ষের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ শুরু হয়। এসময়  সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারীরা কার্যালয়ের ভেতরে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকেন। এ সময় তাদের পক্ষের বিএনপি কার্যালয়সহ চারটি দোকান ভাঙচুর করা হয়। নতুন কমিটির নেতাকর্মীরা জেলা বিএনপি নেতা কবির আহমেদের অনুসারী বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ইটপাটকেলের আঘাতে এক পুলিশ সদস্য আহত হন।