জেব্রার বিনিময়ে চট্টগ্রাম থেকে তিন বাঘ আনল সাফারি পার্ক

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে প্রাণী বিনিময়ের মাধ্যমে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ আনা হয়েছে। এর বিনিময়ে সাফারি পার্ক থেকে চট্টগ্রাম চিড়িয়াখানাকে ছয়টি জেব্রা দেওয়া হচ্ছে। দুই প্রতিষ্ঠানের মধ্যে আলোচনার ভিত্তিতে এ প্রাণী বিনিময় সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ সাফারি পার্কে এসে পৌঁছায়। বাঘগুলোর মধ্যে দুটি মাদি ও একটি পুরুষ। তিনটিই প্রাপ্তবয়স্ক। আপাতত বাঘগুলোকে পার্কের পৃথক বেষ্টনীতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। নির্দিষ্ট সময় পর্যবেক্ষণে রাখার পর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

সাফারি পার্ক কর্তৃপক্ষ ইতিমধ্যে তিনটি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানাকে হস্তান্তর করেছে। পর্যায়ক্রমে বাকি তিনটি জেব্রাও দেওয়া হবে। নতুন তিনটি বাঘ যুক্ত হওয়ায় পার্কে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০টিতে। এর মধ্যে পার্কে জন্ম নেওয়া একটি বিরল সাদা বাঘও রয়েছে।

সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ বলেন, নতুন আনা তিনটি বাঘের শারীরিক অবস্থা ভালো। এগুলোকে আলাদা বেষ্টনীতে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। বাঘগুলো প্রাপ্তবয়স্ক এবং শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। পার্কে আনার পর তাদের প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। এসব বাঘের মাধ্যমে প্রজনন ও বংশবৃদ্ধির সম্ভাবনাও বেশি।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. তারেক রহমান বলেন, শুক্রবার ভোররাতে বিশেষ ব্যবস্থাপনায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ পার্কে আনা হয়েছে। বাঘগুলোকে পৃথক বেষ্টনীতে রাখা হয়েছে। এগুলো সুস্থ আছে এবং স্বাভাবিকভাবে খাবার খাচ্ছে। নতুন বাঘ যুক্ত হওয়ায় পার্কে আসা দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি হবে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, প্রাণী বিনিময়ের অংশ হিসেবে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ আনা হয়েছে। এর মধ্যে একটি পুরুষ ও দুটি মাদি। গত বুধবার সাফারি পার্ক থেকে তিনটি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনটি জেব্রাও পর্যায়ক্রমে দেওয়া হবে।

তিনি আরও বলেন, এ মৌসুমে সাফারি পার্কে আরও বেশ কিছু নতুন প্রাণী সংযোজন হতে পারে বলে আশা করছেন তাঁরা।