সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় কাজ করছে তদন্ত কমিটি। জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ তদন্ত দল অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে কাজ করছে।
এদিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়নি বলে তদন্ত কমিটির কাছে জবানবন্দি দিয়েছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার তোজাম্মেল হক। তাঁর মতে, আগুন লাগার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে তদন্ত কমিটির সদস্যরা নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া পুরোনো পারিবারিক বাড়িটি ঘুরে দেখেন। সেই সঙ্গে তাঁরা প্রত্যক্ষদর্শীদের বয়ান লিপিবদ্ধ করেন।
জানা যায়, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুষ্টিয়ার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলামকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরারুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলওয়ার হোসেন। তিন কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক ও কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, আজ থেকে তাঁদের কর্মদিবস শুরু হয়েছে। ইতিমধ্যে তাঁরা কাজ শুরু করেছেন। ঘটনাস্থল পরিদর্শন, বিভিন্ন ব্যক্তির বয়ান গ্রহণ এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত তদন্তকাজ শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হবে।
এদিকে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার তোজাম্মেল হক বিকেলে তদন্ত কমিটির কাছে জবানবন্দি দেন।
তিনি জানান, ঘটনার পরপরই রাতে তিনি নিজে নুসরাত তাবাসসুমের বাড়িতে গিয়েছিলেন। সেখানে গিয়ে বৈদ্যুতিক মিটারটি অক্ষত অবস্থায় পান। পাশাপাশি যে ট্রান্সফরমার থেকে ওই বাড়িতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে, সেটির সার্কিট ফিউজও অক্ষত ছিল।
তোজাম্মেল হকের ভাষ্য, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে বৈদ্যুতিক মিটার কিংবা ট্রান্সফরমারের সার্কিট ফিউজ পুড়ে যাওয়ার কথা। কিন্তু এ ঘটনায় সেগুলোর কোনোটিই ক্ষতিগ্রস্ত হয়নি। তাই তাঁদের পর্যবেক্ষণে, শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। অন্য কোনো কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
এদিকে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা দাবি করে বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ তুলেছেন। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে প্রশাসন।
কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলওয়ার হোসেন বলেন, তাঁরা বিভিন্ন ব্যক্তির বয়ান, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের জবানবন্দিসহ বিভিন্ন সরকারি সংস্থার সহায়তা নিয়ে কাজ করছেন। সেই সঙ্গে এই অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে মাঠে দুটি দল কাজ করছে।
তিনি আরও বলেন, তদন্ত কমিটির মূল লক্ষ্য থাকবে সত্য উদ্ঘাটন করা। এ ক্ষেত্রে প্রভাবিত হওয়ার কোনো সুযোগ নেই।
এদিকে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শন করেছে বিরোধীদলীয় সংসদীয় দল।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে বিরোধীদলীয় সংসদীয় দল সংবাদ সম্মেলন করে।
এ সময় সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করছেন। ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে।’
তিনি আরও বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে তাঁরা দেখেছেন। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে।
সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেন, ‘আমি এখনো মনে করি, এই ঘটনাটি আওয়ামী লীগের কুকীর্তি। আওয়ামী লীগের পক্ষ থেকে দায় স্বীকারের দাবি, ঘটনাটি নিয়ে উল্লাস প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচার করার ঘটনাগুলো দেখে আমার বিশ্বাস, এটি তাদেরই কাজ।’
তিনি বলেন, গতকাল থানায় এজাহার দিয়ে মামলা করার সময় একজন আসামির অবস্থান, তাঁর মোবাইল নম্বরসহ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) জানিয়েছিলেন। আশা করেছিলেন, দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ফলাফল তাঁরা দেখতে পাননি।
তিনি আরও বলেন, কোনো দুর্ঘটনা কিংবা নাশকতার ঘটনা ঘটলে কীভাবে ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তদন্তে মূল গুরুত্ব দেওয়া উচিত সেসব বিষয়ে। কিন্তু সেদিকে গুরুত্ব না দিয়ে বাড়িটি কাঁচা নাকি পাকা, পরিত্যক্ত কি না, সেখানে মানুষ বসবাস করতেন কি না, তাঁরা কোন শ্রেণি-পেশার মানুষ, এমনকি সেখানে গরু নাকি ছাগল থাকত, এসব বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এ ধরনের আলোচনার তিনি নিন্দা জানান।
এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর এবং এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।
গত বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম নিজেই।