খুলনার দাকোপে দীপাবলি উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার বাজুয়া চড়ারবাঁধসংলগ্ন চড়া নদীতে উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সব্যসাচী ক্লাব ও বাজুয়া অগ্রগামী যুব সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত এই গ্রামীণ ঐতিহ্য দেখতে নদীর দুই পাড়ে হাজার হাজার দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
দীপাবলি উৎসব ও নৌকা বাইচ উদযাপন কমিটির আহ্বায়ক পার্থ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফর হোসেন, চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব আল আমিন সানা এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট খুলনা জেলার সদস্য সচিব দীপক কুমার সরদার।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে পাইকগাছার শান্তা ও চান্দুড়িয়া এলাকার ওবায়দুল সরদার ও ঠাকুরদাশ সরকারের ‘দুরন্ত’ নৌকা। বিজয়ী হিসেবে তাদের ৪০ হাজার টাকার প্রথম পুরস্কার প্রদান করেন দাকোপ প্রেস ক্লাবের সভাপতি মো. শামীম হোসেন। দ্বিতীয় স্থান অধিকার করে দাকোপের সিটিবুনিয়া এলাকার সঞ্জয় মণ্ডলের ‘শ্রেয়া’ নৌকা, যাদের ৩০ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার দেয় পূজা উদযাপন কমিটি। এ ছাড়া তৃতীয় স্থান অধিকার করে সুজয় রায়ের ‘স্বপ্নতরী’ নৌকা, যাদের ২০ হাজার টাকার তৃতীয় পুরস্কার দেন আকবর তালুকদার।