সুন্দরবনের কোলঘেঁষা খুলনার কয়রা উপজেলার গোবরা গুচ্ছগ্রামে বাড়ছে বাল্যবিবাহের ঘটনা। এখানে প্রায় ২২০টি পরিবারের বসবাস। নদী, বন ও প্রতিকূল প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকা এসব পরিবারের অনেক শিশুর শৈশব হারিয়ে যাচ্ছে বিয়ের বন্ধনে। যে বয়সে তাদের হাতে থাকার কথা বই-খাতা, স্কুলের ব্যাগ আর খেলার পুতুল, সেই বয়সেই তাদের কাঁধে তুলে দেওয়া হচ্ছে সংসারের দায়িত্ব। ৯ থেকে ১২ বছর বয়সের মধ্যেই অনেক কিশোরীর বিয়ে হয়ে যাচ্ছে। বিয়ের পর কেউ স্বামীর সংসারে টিকতে পারছে না, কেউ ফিরে আসছে বাবার বাড়িতে। আবার কারও শৈশব কেটে যাচ্ছে সংসার ও সন্তান লালন-পালনের দায়িত্বে।
গোবরা গুচ্ছগ্রামের এমনই এক শিশুর বিয়ে হয়েছে মাত্র ১০ বছর বয়সে। তার স্বপ্ন ছিল স্কুলে পড়াশোনা করে বড় হয়ে নিজের পায়ে দাঁড়ানোর। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই ইটভাটার এক শ্রমিকের সঙ্গে তার বিয়ে দেওয়া হয়। শিশুটির বাবা তার মাকে ছেড়ে অন্যত্র বিয়ে করেছেন। মা গুচ্ছগ্রামেই বসবাস করেন। অভাব-অনটন ও পারিবারিক অনিশ্চয়তার মধ্যে বেড়ে ওঠা শিশুটির জীবনে বিয়েই যেন হয়ে উঠেছে নতুন বাস্তবতা।
গুচ্ছগ্রামের আরেক বাসিন্দার বিয়েও হয়েছিল অল্প বয়সে। তবে সেই সংসার টেকেনি। বিয়ের পর বিচ্ছেদের কারণে তাকে আবারও ফিরে আসতে হয়েছে আগের জীবনে।
আরও করুণ অভিজ্ঞতা গুচ্ছগ্রামের আরেক কিশোরীর। মাত্র ১২ বছর বয়সে প্রথম বিয়ে হয় তার। কয়েক মাস যেতে না যেতেই রান্না করতে না পারা ও সংসারের কাজকর্ম ঠিকমতো বুঝতে না পারার অভিযোগে শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়ি থেকে বের করে দেন। পরে সামাজিক সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়। এরপর আবারও বিয়ে দেওয়া হয় তাকে। কিন্তু দ্বিতীয় সংসারও টেকেনি। এভাবে একের পর এক বিয়ে ও বিচ্ছেদের মধ্য দিয়ে মাত্র ১৫ বছর বয়সেই তার চতুর্থ বিয়ে হয়েছে।
শুধু মেয়েরাই নয়, গুচ্ছগ্রামের কিশোর ছেলেরাও অল্প বয়সে বিয়ে করে সংসার শুরু করছে। গোবরা গুচ্ছগ্রামের এক কিশোরের বয়স মাত্র ১৭ বছর। এই বয়সেই বিয়ে করে সংসার করছেন তিনি। ফলে অল্প বয়সে বিয়ে, সংসারের দায়িত্ব ও অর্থনৈতিক অনিশ্চয়তা—সব মিলিয়ে কিশোর-কিশোরীদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ সংকুচিত হচ্ছে।
সম্প্রতি গোবরা গুচ্ছগ্রামে সরেজমিনে গিয়ে এসব তথ্য পাওয়া গেছে। একই চিত্র দেখা গেছে কয়রা সদরের মদিনাবাদ গুচ্ছগ্রামেও। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, কয়রা উপজেলার পাঁচটি গুচ্ছগ্রামেই কমবেশি বাল্যবিবাহের ঘটনা রয়েছে। তবে এসব গুচ্ছগ্রামে ঠিক কতজন কিশোরী অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ের শিকার হয়েছে, তার কোনো নির্ভরযোগ্য সমন্বিত পরিসংখ্যান পাওয়া যায়নি।
গোবরা আলোকিত যুবসংঘের সভাপতি শাহরিয়ার আমিন বনি বলেন, ‘আমরা প্রতিনিয়ত ক্লাবের পক্ষ থেকে গুচ্ছগ্রামের মানুষকে সচেতন করার চেষ্টা করি। বিশেষ করে মেয়েদের পাশাপাশি ছেলেদেরও অল্প বয়সে বিয়ে না দেওয়ার বিষয়ে বোঝাই। কিন্তু এরপরও দেখছি, ছেলে-মেয়ের অল্প বয়সেই বিয়ে হয়ে যাচ্ছে। এমনকি অল্প বয়সে অনেকে মা হচ্ছে। এর ফলে তারা বড় ধরনের শারীরিক ও পারিবারিক সমস্যার মুখোমুখি হচ্ছে। আমরা নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের কথায় খুব একটা কাজ হচ্ছে না। মূলত অভাব-অনটনের কারণে অনেক পরিবার দ্রুত ছেলেমেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে।’
স্থানীয়দের অভিযোগ, বাল্যবিবাহ নিরোধে আইন থাকলেও এর কার্যকর প্রয়োগ হচ্ছে না। বিশেষ করে বিয়ের বয়স গোপন করে নিবন্ধনের অভিযোগ রয়েছে। তাদের দাবি, কিছু কাজির কাছে বয়স ও বিয়ের তথ্য লিপিবদ্ধ করার জন্য একাধিক বই থাকে। একটি মূল নিবন্ধন বইয়ের পাশাপাশি কথিত আরেকটি বইয়ে অপ্রাপ্তবয়স্কদের বিয়ের তথ্য রাখা হয়। পরে বয়স ১৮ বা ২১ বছর পূর্ণ হলে নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত করা হয় বলে অভিযোগ করেছেন তারা।
বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর। এর কম বয়সে কোনো পক্ষের বিয়ে হলে তা বাল্যবিবাহ হিসেবে বিবেচিত হয়। আইন অনুযায়ী, বাল্যবিবাহ সম্পাদন, আয়োজন ও নিবন্ধনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। অথচ কয়রার গুচ্ছগ্রামগুলোতে এত কম বয়সে বিয়ের ঘটনা ঘটলেও এসব বিয়ে কীভাবে সম্পন্ন হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কয়রায় বাল্যবিবাহের সমস্যা অবশ্য নতুন নয়। এর আগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ঝরে পড়া ও অল্প বয়সে বিয়ের ঘটনা ঘটেছে। তবে গুচ্ছগ্রামকেন্দ্রিক এই চিত্রে সমস্যাটির বিশেষ একটি দিক সামনে এসেছে। এখানে দারিদ্র্য, পারিবারিক ভাঙন, অভিভাবকহীনতা, শিক্ষার অনিশ্চয়তা এবং সামাজিক নিরাপত্তার অভাব কিশোরীদের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে বলে স্থানীয় বাস্তবতায় প্রতীয়মান হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের ২০২৫ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) অনুযায়ী, দেশে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে। এর মধ্যে ১৩ দশমিক ৪ শতাংশের বিয়ে হয়েছে ১৫ বছর বয়সের আগেই। একই জরিপে দেখা গেছে, ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরীদের ৩৮ দশমিক ৯ শতাংশ বর্তমানে বিবাহিত।
সুন্দরবন নিয়ে কাজ করা এক পরিবেশকর্মী বলেন, বাল্যবিবাহের পরিণতি শুধু একটি মেয়ের শৈশব হারিয়ে যাওয়া নয়। এর সঙ্গে জড়িয়ে আছে তার শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, নিরাপত্তা ও ভবিষ্যৎ জীবিকার প্রশ্ন। অল্প বয়সে গর্ভধারণ ও সন্তান জন্মদানের কারণে কিশোরী মায়েদের স্বাস্থ্যঝুঁকি বাড়ে। একই সঙ্গে মানসিক চাপ, অপুষ্টি, সংসারে নির্যাতন এবং দাম্পত্য জীবনে অস্থিরতার আশঙ্কাও তৈরি হয়। গোবরা গুচ্ছগ্রামের একের পর এক বিয়ে ও বিচ্ছেদের ঘটনা এসব ঝুঁকির বাস্তব চিত্র তুলে ধরছে।
সুন্দরবনসংলগ্ন কয়রা বাংলাদেশের অন্যতম জলবায়ুঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকা। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা ও জীবিকার সংকট এখানকার মানুষের জীবনকে প্রতিনিয়ত কঠিন করে তুলছে। এসব সংকটের সঙ্গে দারিদ্র্য ও পারিবারিক অনিশ্চয়তা যুক্ত হলে মেয়েদের শিক্ষা অব্যাহত রাখা এবং নিরাপদ শৈশব নিশ্চিত করা আরও কঠিন হয়ে পড়ে। উপজেলার সদরে গোবরা ও মদিনাবাদ গুচ্ছগ্রামের চিত্র তাই শুধু কয়েকটি পরিবারের ব্যক্তিগত সংকট নয়; এটি উপকূলের শিশু সুরক্ষা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তাব্যবস্থার একটি বড় প্রশ্ন।
যেসব শিশুর স্কুলে যাওয়ার কথা, তারা কেন বিয়ের পিঁড়িতে বসছে? ৯-১০ বছরের শিশুদের বিয়ে কীভাবে সম্পন্ন হচ্ছে? এসব বিয়েতে বয়স যাচাইয়ের দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা কী? স্থানীয় প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, জনপ্রতিনিধি ও শিশু সুরক্ষায় কাজ করা সংস্থাগুলোর নজরদারি কতটা কার্যকর? কয়রার গুচ্ছগ্রামগুলোতে বাল্যবিবাহের ধারাবাহিক ঘটনা এসব প্রশ্ন সামনে এনেছে।