খুলনা নগরীর সন্ত্রাসী নুর আজিমের ভাই শাহরিয়ার ইসলাম রকিকে গ্রেপ্তার করেছে এসআরবির সদস্যরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে মাদারীপুর জেলার শিবচর উপজেলার ডিসি রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি খুলনার টুটপাড়া ইস্ট সার্কুলার লেনের শাহজাহানের ছেলে।
এসআরবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নুর আজিমের ভাই রকি একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় মাদক ও হত্যাসহ মোট ৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে খুলনার প্রশাসন তার খোঁজ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার ডিসি রোড এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় খুলনার নুর আজিম বাহিনীর শীর্ষ সন্ত্রাসী মো. শাহরিয়ার ইসলাম রকিকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খানজাহান আলী রোডের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চাঁদা দাবিকে কেন্দ্র করে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় নুর আজিমের নাম উঠে আসে। এ ছাড়া ওই গ্রুপের বিরুদ্ধে নগরীতে মাদক ব্যবসা, হত্যা ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।