নুন আনতে পান্তা ফুরানোর সংসারে প্রতিটি ভোর শুরু হয় বেঁচে থাকার কঠিন লড়াই দিয়ে। সেই প্রতিকূলতা জয় করেই এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে আশার আলো জ্বেলেছে নাটোরের বড়াইগ্রামের অদম্য মেধাবী শিক্ষার্থী সুমনা খাতুন। তার স্বপ্ন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বিচারক হওয়া। তবে উচ্চশিক্ষার বিপুল ব্যয় মেটানো নিয়ে রয়েছে অনিশ্চয়তা। অর্থাভাবের সঙ্গে লড়াই করেও নিজের স্বপ্ন পূরণে যথেষ্ট আত্মবিশ্বাসী সুমনা। তার প্রত্যাশা, দারিদ্র্যের বাধা পেরিয়ে একদিন সফল হবে তার বড় হওয়ার স্বপ্ন।
সুমনা উপজেলার দোগাছি গ্রামের দরিদ্র ভ্যানচালক আব্দুর রাহিম বিশ্বাস ও গৃহিণী তাহমিনা খাতুন দম্পতির দ্বিতীয় মেয়ে। সে ধানাইদহ খলিশাডাঙ্গা ডিগ্রি কলেজ থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় এই কৃতিত্বপূর্ণ ফল অর্জন করেছে। পাঁচ সদস্যের পরিবারটিতে প্রতিদিনের খাবার জোগাড় করাই যেন একেকটি যুদ্ধ। বাবা দিনভর রিকশাভ্যানের প্যাডেল চেপে উপার্জন করেন। অন্যদিকে মা হিসাবি হাতে কোনোমতে সংসার সামলান। এমন অভাবের সংসারে তিন ছেলেমেয়ের পড়াশোনার খরচ চালানো পরিবারের জন্য বেশ কঠিন।
তবে সুমনা প্রমাণ করেছে, লড়াকু মানসিকতা থাকলে ভাঙা ঘরে থেকেও সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব। তার এই দীর্ঘ সংগ্রামের প্রধান অনুপ্রেরণা বড় বোন জান্নাতুল ফেরদৌস টুম্পা। তিনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। টুম্পার উচ্চশিক্ষার পথও সহজ ছিল না। হোটেলের কর্মচারী হিসেবে কাজ শুরু করে বাজারে সেদ্ধ ডিম বিক্রি করেও নিজের পড়াশোনার খরচ জুগিয়েছেন তিনি। বড় বোনের সেই সংগ্রামই সুমনাকে অসম্ভবকে জয় করার সাহস জুগিয়েছে।
এ ছাড়া দুই বোনের স্বপ্ন পূরণের পথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রতিবেশী সাবেক সেনাসদস্য মাইনুল ইসলাম। অভিভাবকের মতো ছায়া দিয়ে তিনি তাদের আগলে রেখেছেন।
সুমনার এই কৃতিত্বে আনন্দিত শিক্ষক, স্বজন ও এলাকাবাসী। তবে সাফল্যের আনন্দের পাশাপাশি সামনে রয়েছে কঠিন বাস্তবতা। ভ্যানচালক বাবার ঘামঝরা উপার্জনে বেড়ে ওঠা সুমনার বিচারক হওয়ার স্বপ্ন পূরণ হোক—এটাই এখন সবার প্রত্যাশা।