কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে: হুইপ দুলু

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের ঋণমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় আসার আগে সরকার কৃষির উন্নয়ন ও কৃষকের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছিল।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, নির্বাচনের আগে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদমুক্ত করার ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান। ইতোমধ্যে সরকার কৃষকদের ঋণমুক্ত করেছে। বিএনপি সরকার কৃষকদের উৎসাহিত করা এবং তাদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। সরকার মনে করে, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। দেশের ৮০ শতাংশ মানুষ এখনো কৃষির ওপর নির্ভরশীল।

তিনি আরও বলেন, তারেক রহমানের সরকার কৃষি খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে। কৃষকদের সারের সংকট নিরসনে প্রতিটি ইউনিয়নে ডিলারের সংখ্যা বাড়ানো হয়েছে। ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়ানো হবে। যাতে কৃষকদের সারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে পড়তে না হয়। কৃষির ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫–২০২৬ অর্থবছরের অর্ধবার্ষিক প্রণোদনা কর্মসূচির আওতায় ১৭ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে নির্মিত ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আকতার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বুলবুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এর আগে সকালে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষা আইন, ২০২৩ বাস্তবায়নে জেলা ও উপজেলা কমিটির সম্মেলন ও প্রচারাভিযান কর্মসূচিতেও অংশ নেন দুলু।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত