২২ দিন পর সাগরে মিলল বড় ইলিশ, দাম কত?

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে জেলে নবী হোসেনের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। মাছটি কুয়াকাটা পৌর মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামের মাধ্যমে প্রতি মণ ১ লাখ ৪৫ হাজার টাকা দরে ৮ হাজার ৫১০ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে মাছটি মৎস্য আড়তে নিয়ে আসা হলে নিলামের মাধ্যমে কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী জয়নাল ঘরামী। বড় আকৃতির ইলিশটির দাম শুনে স্থানীয় ক্রেতা ও পর্যটকদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাছটি আড়তে তোলার পর ডাকের মাধ্যমে ‘ঘরামী ফিস কুয়াকাটা’র স্বত্বাধিকারী জয়নাল ঘরামী কিনে নেন। মাছটি রপ্তানির জন্য প্রস্তুত করবেন বলেও জানিয়েছেন তিনি। এর আগে গত বুধবার ২ কেজি ওজনের আরেকটি ইলিশ ৭ হাজার ৪০০ টাকায় কিনেছিলেন তিনি।

মাছটি ধরা ট্রলারের জেলে নবী হোসেন জানান, তাঁরা প্রতিদিন মাছ শিকার করেন। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে এটিই তাঁদের জালে ধরা পড়া প্রথম বড় ইলিশ। ছোট জাটকা ইলিশের পাশাপাশি একটি বড় মাছও পেয়েছেন তাঁরা। ভালো দামে বিক্রি করতে পেরে আর্থিকভাবে লাভবান হয়েছেন জানিয়ে তিনি বলেন, এ ধরনের মাছ পেলে জেলেরা লাভবান হন। এতে তাঁরা অনেক খুশি।

এদিকে, ইলিশের চড়া দামের কারণে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে সুস্বাদু এই মাছ। তবে বড় আকৃতির ইলিশ দেখতে ও কিনতে বাজারে আগ্রহ দেখাচ্ছেন অনেক ক্রেতা ও পর্যটক।

স্থানীয় বাসিন্দা মিরাজুল হাসান বলেন, ইলিশ জাতীয় মাছ। বড় ইলিশ খাওয়ার ইচ্ছা সবারই থাকে। কিন্তু বর্তমানে তাঁর মতো মধ্যবিত্ত পরিবারের কাছে ইলিশ কেনা স্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে। মাছটি কেনার ইচ্ছা থাকলেও অতিরিক্ত দামের কারণে কিনতে পারেননি তিনি।

মাছটি কিনে নেওয়া ঘরামী ফিসের আড়তদার জয়নাল ঘরামী বলেন, সমুদ্রে মাছের পরিমাণ কম। যা পাওয়া যাচ্ছে, তার বেশির ভাগই জাটকা। বড় ইলিশ সব সময় পাওয়া যায় না। মাছটির ওজন ও মান বিবেচনা করে তিনি ৮ হাজার ৫০০ টাকায় কিনেছেন। বড় ইলিশের প্রতি ক্রেতাদের আগ্রহ অনেক। আশা করছেন, ভালো দামেই মাছটি বিক্রি করতে পারবেন।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. রাজীব সরকার বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরার কার্যক্রম শুরু হওয়ায় জেলেদের জালে বড় আকৃতির ইলিশ ধরা পড়ছে। প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখার ফলে ইলিশের প্রজনন ও বংশবিস্তারে ইতিবাচক প্রভাব পড়ার সুযোগ তৈরি হয়। তবে একটি বড় ইলিশ পাওয়া মানেই ইলিশের উৎপাদন বেড়েছে, এমন সিদ্ধান্তে আসা যাবে না। ইলিশের উৎপাদন ও প্রাপ্যতা সম্পর্কে ধারণা পেতে দীর্ঘমেয়াদি গবেষণা এবং মাছ আহরণের পরিসংখ্যান বিশ্লেষণ করতে হবে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়। ইলিশের উৎপাদন ও প্রজনন নিশ্চিত করতে সরকারের মৎস্য সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ। জেলেদের আইন মেনে মাছ আহরণ করতে হবে। পাশাপাশি ইলিশের প্রজনন ও বৃদ্ধির জন্য নির্ধারিত নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করা প্রয়োজন।