পটুয়াখালীর দুমকিতে ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত যুবক প্রবেশন আইনে শর্তসাপেক্ষে মুক্তি পাওয়ার পর আবারও মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। ওই যুবকের নাম হাবিবুর রহমান (২৫)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার হাবিবুর রহমান একই উপজেলার দক্ষিন মুরাদিয়ার বাসিন্দা। এর আগে গত ২৭ সেপ্টেম্বর মুরাদিয়া ইউনিয়নের আমির হোসেনের রাস্তার মাথা এলাকা থেকে ১০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে পুলিশ। পরে মাদক আইনের মামলায় পটুয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।
তবে একই দিন পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রবেশন আইনে তার সাজা স্থগিত করে পাঁচটি শর্তে জামিন দেন আদালত। শর্তগুলোর মধ্যে ছিল পাঁচটি গাছ রোপণ, পাঁচ দিনের মধ্যে অন্তত পাঁচটি সূরা মুখস্থ করে আদালতে শোনানো এবং বিভিন্ন সংশোধনমূলক কার্যক্রমে অংশ নেওয়া। এসব কার্যক্রম থানা পুলিশের তদারকির কথা ছিল।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।